ঢাকায় মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব, গুলিতে শিশু আহত হওয়ার প্রতিবাদ

0
মিয়ানমারের রাষ্ট্রদূত কিয়াউ সোয়ে মো ।। ছবি: সংগৃহীত

লোকসমাজ ডেস্ক ॥ ঢাকা মিয়ানমার সীমান্ত পরিস্থিতির অবনতি এবং ওপার থেকে আসা গুলিতে বাংলাদেশি শিশু হুজাইফা আফনান গুরুতর আহত হওয়ার ঘটনায় কড়া প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) ঢাকায় নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূত কিয়াউ সোয়ে মো-কে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করে এই প্রতিবাদ জানানো হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানায়, রাষ্ট্রদূতকে তলব করে সীমান্তে অপ্ররোচিত গুলিবর্ষণের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে। বাংলাদেশ স্পষ্টভাবে জানিয়েছে, এ ধরনের ঘটনা আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন এবং প্রতিবেশীসুলভ সম্পর্কের জন্য বড় অন্তরায়। মংডু এলাকায় মিয়ানমার কর্তৃপক্ষ ও সশস্ত্র গোষ্ঠীর মধ্যকার সংঘাত যেন কোনোভাবেই বাংলাদেশের মানুষের জীবন-জীবিকার ওপর প্রভাব না ফেলে, সে বিষয়ে কঠোর বার্তা দেওয়া হয়েছে।

মন্ত্রণালয় আরও জোর দিয়ে বলেছে, ভবিষ্যতে আন্তঃসীমান্ত গোলাগুলি বন্ধের সম্পূর্ণ দায়ভার মিয়ানমার সরকারকে নিতে হবে। মিয়ানমারের রাষ্ট্রদূত এই ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন এবং আহতের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে আশ্বস্ত করেছেন যে, তাঁর সরকার এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। উল্লেখ্য, গত রোববার হুজাইফা গুলিতে আহত হওয়ার পাশাপাশি সোমবার হোয়াইক্যং সীমান্তে মাইন বিস্ফোরণে মো. হানিফ নামের এক যুবকের পা উড়ে যাওয়ার ঘটনাও ঘটে।