স্বপ্ন বুনে দিন সন্তানদের মনে তারাই গড়বে আগামীর রাষ্ট্র : নার্গিস বেগম

যশোর সরকারি মহিলা কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী

0

স্টাফ রিপোর্টার ॥ বিএনপির ভাইস চেয়ারম্যান, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রিজেন্ট বোর্ডের সদস্য অধ্যাপক নার্গিস বেগম অভিভাবকদের প্রতি তাদের সন্তানদের মনে স্বপ্ন বুনে দেওয়ার আহ্বান জানিয়েছেন।

তিনি বলেন, এর ফলে তারা নিজেদের মাঝে লুকিয়ে থাকা শক্তি উপলব্ধি করতে পারবে এবং মানবিক মূল্যবোধসম্পন্ন সুনাগরিক হিসেবে গড়ে উঠবে। একইসঙ্গে সমাজ ও রাষ্ট্র গঠনে নিজেদের আত্মনিয়োগ করতে পারবে।

শনিবার যশোর সরকারি মহিলা কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। এই উপলক্ষে কলেজ প্রাঙ্গণে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালিত হয়। কর্মসূচির মধ্যে ছিল বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা, জাতীয় পতাকা উত্তোলন, বৃক্ষরোপণ, স্মৃতিচারণা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

আলোচনা সভায় অধ্যাপক নার্গিস বেগম আরও বলেন, ‘বেগম রোকেয়ার স্বপ্ন আজ বাস্তবায়িত হতে যাচ্ছে। আমাদের মেয়েরা শিক্ষায় অনেক দূর এগিয়ে গেছে। এর পেছনে ১৯৯১ সালে বেগম খালেদা জিয়ার নেতৃত্বাধীন গণতান্ত্রিক সরকারের শিক্ষা সহায়ক কর্মসূচির ব্যাপক অবদান রয়েছে। সেই সরকার মেয়েদের দ্বাদশ শ্রেণি পর্যন্ত অবৈতনিক শিক্ষা, উপবৃত্তি চালু এবং চাকরিতে কোটা পদ্ধতি প্রবর্তন করেছিল। যার ফলে মেয়েরা উচ্চশিক্ষা গ্রহণের সুযোগ পায় এবং আজ তারা যেকোনো পেশায় চ্যালেঞ্জ নিয়ে এগিয়ে যাচ্ছে।’

এর আগে প্রধান অতিথি অধ্যাপক নার্গিস বেগম জাতীয় পতাকা উত্তোলন এবং বৃক্ষরোপণের মধ্য দিয়ে পুনর্মিলনী অনুষ্ঠানের সূচনা করেন। আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন যশোর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক নাজমুল হাসান ফারুক, উপাধ্যক্ষ অধ্যাপক আলাউদ্দীন, শিক্ষক পরিষদের সম্পাদক রফিকুল ইসলাম এবং রসায়ন বিভাগের সাবেক সহযোগী অধ্যাপক লুৎফর রহমান প্রমুখ।

সরকারি মহিলা কলেজের ভূগোল ও পরিবেশ বিভাগের সাবেক অধ্যাপক অশোকা রানী দত্তের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পুনর্মিলনী অনুষ্ঠানের আহ্বায়ক অধ্যাপক ফিরোজা বুলবুল কলি।

আলোচনা সভা শেষে বাংলাদেশ টেলিভিশনের জনপ্রিয় অনুষ্ঠান ‘নতুন কুঁড়ি’তে দেশসেরা যশোরের চার শিশু সাবিক সাদত, আয়ান রেজা, আয়েশা সিদ্দিকী এবং অরশী বিশ্বাস পৃথাকে সংবর্ধনা প্রদান করা হয়।

সবশেষে শিক্ষার্থীদের স্মৃতিচারণা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। সকালে কলেজ ক্যাম্পাস থেকে প্রাক্তন শিক্ষার্থীদের একটি র‌্যালি বের হয়। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন প্রাক্তন শিক্ষার্থী রুহি শামসাদ আরা।