চূড়ান্ত পর্যায়ে ১১ দলের আসন সমঝোতা: ইসলামী আন্দোলন ৪০, এনসিপি ৩০

0
১৯০ আসনে অনড় জামায়াত; ৪০ আসনে লড়বে হাতপাখা, ৩০ টিতে এনসিপি ।। ছবি: সংগৃহীত

লোকসমাজ ডেস্ক ॥ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও সমমনা জোটভুক্ত দলগুলোর মধ্যে আসন সমঝোতা চূড়ান্ত রূপ নিতে যাচ্ছে। সংশ্লিষ্ট সূত্রমতে, জামায়াত নিজেদের জন্য ১৯০টি আসন রেখে বাকি ১১০টি আসন ১০টি শরিক দলের জন্য বরাদ্দ করার প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে।

সমঝোতার খসড়া অনুযায়ী, ইসলামী আন্দোলন বাংলাদেশকে ৪০টি, জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) ৩০টি এবং বাংলাদেশ খেলাফত মজলিসকে ১৫টি আসন ছেড়ে দেওয়া হচ্ছে। এছাড়া খেলাফত মজলিস ও এলডিপি ৭টি করে এবং এবি পার্টি ও বিডিপি ২টি করে আসন পেতে পারে। তবে ইসলামী আন্দোলন ও এবি পার্টি আরও কিছু আসনের দাবি জানিয়েছে, যা নিয়ে দ্বিপাক্ষিক আলোচনা চলমান।

জামায়াতের আমির শফিকুর রহমান ওমরাহ পালন শেষে আজ শনিবার দেশে ফিরেছেন। শীঘ্রই তার নেতৃত্বে শরিক দলগুলোর শীর্ষ নেতাদের নিয়ে চূড়ান্ত বৈঠক অনুষ্ঠিত হবে। জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ জানান, মনোনয়নপত্র প্রত্যাহারের সময়সীমা ২০ জানুয়ারি শেষ হওয়ার আগেই সব অস্পষ্টতা দূর করে একক প্রার্থী ঘোষণা করা হবে। জোটগত এই ঐক্যের মাধ্যমে নির্বাচনী বৈতরণী পার হওয়ার ছক কষছে ১১ দল।