মণিরামপুরে পুলিশের হ্যান্ডকাফসহ ৪ আসামিকে ছিনিয়ে নিল জনতা

0

স্টাফ রিপোর্টার ॥ যশোরের মণিরামপুর উপজেলায়মা দকবিরোধী অভিযান চলাকালে পুলিশের কাছ থেকে হ্যান্ডকাফসহ ৪ আসামিকে ছিনিয়ে নিয়েছে স্থানীয় বিক্ষুব্ধ জনতা।

শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার দুর্বাডাঙ্গা ইউনিয়নের কাজিয়াড়া গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সন্ধ্যায় কাজিয়াড়া এলাকায় মাদক কেনাবেচা ও সেবনের খবর পেয়ে নেহালপুর ক্যাম্প ইনচার্জ এসআই রেজাউল। করিমের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযানে চালায়। অভিযানে ইয়াবা সেবনরত অবস্থায় ৪ জনকে আটক করে পুলিশ।

আটকরা হলেন, কাজিয়াড়া গ্রামের রহিম বক্সের ছেলে আজিজুল ইসলাম, খাটুয়াডাঙ্গা গ্রামের মুজিবরের ছেলে মিলন, কাজিয়াড়া গ্রামের ইমন ও একজন অজ্ঞাত।

আটকের পর আসামিদের থানায় নিয়ে আসার প্রস্তুতি নেয়ার সময় স্থানীয় কিছু লোক সংঘবদ্ধ হয়ে পুলিশের ওপর চড়াও হয়। একপর্যায়ে ধস্তাধস্তি ও হট্টগোলের মধ্যে হ্যান্ডকাফ পরা অবস্থাতেই পুলিশের হেফাজত থেকে ওই ৪ আসামিকে ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় জনতা।

ঘটনার আকস্মিকতায় পুলিশ সদস্যরা বাধা দেওয়ার চেষ্টা করলেও লোকবল বেশি হওয়ায় আসামিদের নিয়ন্ত্রণে রাখতে ব্যর্থ হন।

খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন মণিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রজিউল্লাহ খান, মণিরামপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) ইমদাদুল হকসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। বর্তমানে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।