রাস্তাঘাট বন্ধ করে জনদুর্ভোগ সৃষ্টি করলে কোনো ছাড় নয়: স্বরাষ্ট্র উপদেষ্টা

0
সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভায় বক্তব্য রাখছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী ।। ছবি: সংগৃহীত

লোকসমাজ ডেস্ক ॥ রাস্তাঘাট বন্ধ করে জনদুর্ভোগ সৃষ্টি করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাৎক্ষণিকভাবে কঠোর ব্যবস্থা নেবে বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। আজ সোমবার (৫ জানুয়ারি) সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির ১৯তম সভা শেষে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “অন্তর্বর্তী সরকার দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে বদ্ধপরিকর। বিশেষ করে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি যেন কোনোভাবেই বিঘ্নিত না হয়, সে বিষয়ে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়েছি।”

তিনি আরও জানান, নির্বাচন সামনে রেখে কোনো ধরনের অপতৎপরতা বরদাশত করা হবে না এবং প্রয়োজনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা যেকোনো সময় যেকোনো স্থানে প্রবেশ করে ব্যবস্থা নিতে পারবেন।

বৈঠকে দেশব্যাপী গোয়েন্দা নজরদারি বৃদ্ধির পাশাপাশি সব বাহিনীর মধ্যে তথ্য-উপাত্তের সমন্বয় নিশ্চিত করার নির্দেশনা দেওয়া হয়েছে। নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রশিক্ষণ দ্রুত সম্পন্ন করার ওপর জোর দিয়ে উপদেষ্টা বলেন, বর্তমান সরকার যথাসময়ে নির্বাচন অনুষ্ঠানে অটল। যারা নির্বাচন বানচালের চেষ্টা করবে, তাদের কঠোর হাতে দমন করা হবে। নির্বাচনী পরিবেশ বজায় রাখতে তিনি রাজনৈতিক দল ও জনসাধারণের সহযোগিতা কামনা করেন।