যশোরে চোরচক্রের ৫ জন আটক, মোটরসাইকেল ও চুরির চাবি উদ্ধার

0

স্টাফ রিপোর্টার ॥ বাগেরহাট, খুলনা ও গোপালগঞ্জে আলাদা অভিযান চালিয়ে মোটরসাইকেল চোরচক্রের ৫ সদস্যকে আটক করেছে যশোরের ডিবি পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ১টি চোরাই মোটরসাইকেল ও চুরির কাজে ব্যবহৃত মাস্টার কী নামে পরিচিত বিশেষ চাবি উদ্ধার করা হয়েছে।

আটকরা হলেন, বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার সুতালড়ী গ্রামের তোফাজ্জেল মোল্লার ছেলে (৩২), রামপাল উপজেলার বড় সন্নাসী গ্রামের মৃত ইসমাইল শেখের ছেলে অহিদুল শেখ (৩৫), বাগেরহাট পৌরসভার খাদ্দার এলাকার মৃত ছামছু শেখের ছেলে লিটন শেখ ওরফে মনিরুজ্জামান শেখ (৪৫), মাগুরার মোহাম্মদপুর উপজেলার মন্ডলগাতি গ্রামের মো. কুদ্দুস মোল্লার ছেলে মো. লিটন মিয়া (২৮) ও নড়াইল সদর উপজেলার রামচন্দ্রপুর গ্রামের মৃত আব্দুল হালিম মিয়ার ছেলে মো. প্রান্ত মিয়া (২৪)।

ডিবি পুলিশের এসআই শেখ আবু হাসান জানান,গত বছরের ৫ ডিসেম্বর সকাল পৌনে ১১টার দিকে যশোর শহরতলীর চাঁচড়া চেকপোস্টস্থ চঞ্চল অ্যাগ্রো ইঞ্জিনিয়ারিং এর বিপরীতের হাজী ইয়াকুব আলী মার্কেটের ভেতরে গাড়ি পার্কিংয়ে রাখা চঞ্চল হোসেন (৪০) নামে এক ব্যক্তির একটি ইয়াহামা এফজেড ভার্সন-থ্রি মোটরসাইকেল চুরি হয়ে যায়। যার নম্বর চুয়াডাঙ্গা-ল-১২-১৩৩৪।

এ ঘটনায় মোটরসাইকেলের মালিক চাঁচড়া মধ্যপাড়ার মো. আবুল কাশেমের ছেলে চঞ্চল হোসেন কোতয়ালি থানায় মামলা করেন। ওই মামলা তদন্তকালে সিসি ক্যামেরার ধারণকৃত ফুটেজ বিশ্লেষণ ও তথ্য প্রযুক্তির সাহায্যে জড়িত চক্রের সদস্যদের শনাক্ত করা হয়। এরপর এসআই শেখ আবু হাসান ও এএসআই মো. লাভলু হোসেনের নেতৃত্বে ডিবি পুলিশের একটি টিম গত শুক্রবার বাগেরহাটের মোড়েলগঞ্জ থানা এলাকায় অভিযান চালায়।

এ সময় সেখান থেকে মোটরসাইকেল চোরচক্রের সদস্য কুদরত মোল্লাকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে মূল চোর ওহিদুল শেখ ও তার সহযোগী লিটন শেখকে খুলনার রূপসা থানা এলাকা থেকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে চোরাই ১টি সুজুকি জিস্কার মোটরসাইকেল উদ্ধার করা হয়।

পরে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হলে তারা যশোরের চঞ্চল হোসেনের মোটরসাইকেল চুরির কথা স্বীকার করেন।

তারা আরো জানান, চুরি করা ওই মোটরসাইকেলটি লিটন মিয়ার কাছে বিক্রি করেছেন। এরপর তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে গোপালগঞ্জের কাশিয়ানী থানার মধুমতি টোল প্লাজার রাস্তা থেকে আটক করা হয় লিটন মিয়া এবং তার সহযোগী প্রান্ত মিয়াকে। তাদের কাছ থেকে মোটরসাইকেল চুরির কাজে ব্যবহৃত ৩টি মাস্টার কী উদ্ধার করা হয়েছে।

এসআই শেখ আবু হাসান আরো জানান, আটকদের স্বীকারোক্তিতে এবং দেওয়া তথ্য অনুযায়ী চঞ্চল হোসেনের চুরি যাওয়া মোটরসাইকেলটি উদ্ধারের চেষ্টা অব্যাহত রয়েছে।