প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলেন জুবায়ের রহমান চৌধুরী

0
বঙ্গভবনের দরবার হলে বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীকে দেশের ২৬তম প্রধান বিচারপতি হিসেবে শপথ বাক্য পাঠ করাচ্ছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ।। ছবি: সংগৃহীত

লোকসমাজ ডেস্ক ॥ দেশের ২৬তম প্রধান বিচারপতি হিসেবে শপথ গ্রহণ করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। আজ রোববার সকালে বঙ্গভবনের দরবার হলে আয়োজিত এক রাষ্ট্রীয় অনুষ্ঠানে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাঁকে শপথ পাঠ করান।

শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। এছাড়া অনুষ্ঠানে সরকারের উপদেষ্টা মণ্ডলী, বিচারপতিগণ, তিন বাহিনীর প্রধান এবং সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবীরা উপস্থিত ছিলেন। মন্ত্রিপরিষদ সচিব শেখ আবদুর রশীদ শপথ অনুষ্ঠানটি পরিচালনা করেন।

বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের উত্তরসূরি হিসেবে গত ২৩ ডিসেম্বর জুবায়ের রহমান চৌধুরীকে প্রধান বিচারপতি নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। সদ্য বিদায়ী প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ গতকাল শনিবার অবসরে যান।

নবনির্বাচিত প্রধান বিচারপতি বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী ১৯৬১ সালের ১৮ মে জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আইনশাস্ত্রে স্নাতক ও স্নাতকোত্তর শেষে যুক্তরাজ্য থেকে আন্তর্জাতিক আইনে উচ্চতর ডিগ্রি অর্জন করেন।

২০০৩ সালে হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারক হিসেবে তাঁর যাত্রা শুরু হয় এবং ২০২৪ সালের ১৩ আগস্ট তিনি আপিল বিভাগের বিচারক হিসেবে শপথ নেন। সাংবিধানিক নিয়ম অনুযায়ী, ২০২৮ সালের মে মাস পর্যন্ত তিনি এই শীর্ষ পদে দায়িত্ব পালন করবেন।