বিপিএলের মাঠে হার্ট অ্যাটাক, হাসপাতালে মারা গেলেন কোচ মাহবুব আলী জাকি

0
মাঠে প্রস্তুতির সময় হৃদরোগে আক্রান্ত; চিরবিদায় নিলেন কোচ মাহবুব আলী জাকি ।। ছবি: সংগৃহীত

লোকসমাজ ডেস্ক ॥ ক্রিকেট মাঠে নেমে এল বিষাদের ছায়া। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে ম্যাচ শুরুর আগ মুহূর্তে ওয়ার্ম আপ করার সময় হৃদরোগে আক্রান্ত হয়ে না ফেরার দেশে চলে গেলেন ঢাকা ক্যাপিটালসের সহকারী কোচ মাহবুব আলী জাকি। আজ শনিবার (২৭ ডিসেম্বর) দুপুর ১টার দিকে সিলেটের আল হারামাইন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

বিসিবি ও ফ্র্যাঞ্চাইজি সূত্র জানায়, রাজশাহী ওয়ারিয়র্সের বিপক্ষে ম্যাচ শুরুর মাত্র ২০ মিনিট আগে ক্রিকেটারদের সাথে মাঠে প্রস্তুতি তদারকি করছিলেন জাকি। হুট করেই তিনি মাঠে লুটিয়ে পড়েন। তাৎক্ষণিকভাবে মাঠে তাঁকে সিপিআর (CPR) দেওয়া হয় এবং দ্রুততম সময়ে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নেওয়া হয়। কিন্তু কর্তব্যরত চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী হাসপাতাল কর্তৃপক্ষের বরাতে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রিয় কোচের এমন আকস্মিক বিদায়ে স্তব্ধ হয়ে পড়েছে পুরো ক্রিকেট অঙ্গন। শোকের ছায়া নেমে এসেছে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে। শোকস্তব্ধ অবস্থাতেই রাজশাহীর বিপক্ষে মাঠে নেমেছে ঢাকা ক্যাপিটালস। দেশের ক্রিকেটে মাহবুব আলী জাকির এই প্রয়াণকে অপূরণীয় ক্ষতি হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।