যশোরে যুবলীগের ব্যানারে বিক্ষোভ মিছিলের দাবি, মামলার আসামি আটক

0

স্টাফ রিপোর্টার, লোকসমাজ :
যশোর শহরে যুবলীগের ব্যানারে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে বলে দাবি করা হয়েছে। মঙ্গলবার সকালে বাবলাতলা মাইক্রোবাস স্ট্যান্ড এলাকায় মিছিলটি হয় বলে ফেসবুকে প্রচার করা হয়েছে।

এদিকে, এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে এক যুবককে আটক করেছে পুলিশ। আটক শাহাদৎ কাঠালতলা রায়পাড়া এলাকার বজুল খলিফার ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে তাকে আটক করে পুরাতন কসবা পুলিশ ফাঁড়ির সদস্যরা। এর আগে শহরের গরীবশাহ রোডে মিছিলের ঘটনায় দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের মামলার এজাহারভুক্ত আসামি তিনি।

পুলিশ আরও জানায়, মঙ্গলবার অনুষ্ঠিত মিছিলেও তাকে দেখা গেছে।

পুরাতন কসবা পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) ওয়াহিদুজ্জামান জানান, আটক ব্যক্তিকে বুধবার আদালতে সোপর্দ করা হবে।

এদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দাবি করা হয়েছে, মিছিলটির আয়োজন করেছেন যশোরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাবিল গ্রুপের কিছু নেতা। আওয়ামী লীগ ও যুবলীগ সংশ্লিষ্ট ফেসবুক পেজগুলোতে ভিডিওটি প্রকাশ করা হয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।