গণঅধিকার পরিষদের রাশেদ খান পেলেন ধানের শীষ

0

আসিফ কাজল, ঝিনাইদহ ॥ ঝিনাইদহ-৪ আসনে গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান লড়বেন ধানের শীষ প্রতীক নিয়ে। তিনি ঝিনাইদহ-২ আসন দাবি করলেও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঝিনাইদহ-৪ নির্বাচনী এলাকায় রাশেদ খানের পক্ষে নির্বাচনী সভা করবেন, এমন শর্তে রাশেদ খান ঝিনাইদহ-৪ আসনে প্রার্থী হতে সম্মত হন। বুধবার রাশেদ খান নিজেই এ তথ্য জানান গণমাধ্যমকর্মীদের।

এদিকে রাশেদ খান ঝিনাইদহ-৪ আসনে বিএনপির প্রার্থী হওয়ার মধ্যে দিয়ে চারটির মধ্যে তিনটি আসনে বিএনপি প্রার্থী চূড়ান্ত করেছে। এরমধ্যে ঝিনাইদহ-২ আসনে এম এ মজিদ ও ঝিনাইদহ-৩ আসনে আগেই সাবেক এমপি শহিদুল ইসলাম মাস্টারের ছেলে মেহেদী হাসান রণির মনোনয়ন চূড়ান্ত করে দলটি।

মনোনয়নের বিষয়টি নিশ্চিত করে রাশেদ খান বলেন, মঙ্গলবার রাতে গুলশানে বিএনপির অফিসে আলোচনা হয়েছে। সেখানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি এম এ মজিদ উপস্থিত ছিলেন।

ওই আলোচনায় ঝিনাইদহ-৪ আসনে বিএনপির পক্ষ থেকে আমাকে প্রার্থী করার সিদ্ধান্ত প্রাথমিকভাবে গৃহীত হয়েছে।