জমিয়তের ৪ আসনে প্রার্থী দিচ্ছে না বিএনপি: ‘খেজুর গাছ’ প্রতীকে ভোটের আহ্বান ফখরুলের

0
‘খেজুর গাছ’ প্রতীকে ভোট চাইলেন মির্জা ফখরুল; ৪ আসনে বিএনপি-জমিয়ত ঐক্য ।। ছবি: সংগৃহীত

লোকসমাজ ডেস্ক ॥ আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দীর্ঘদিনের রাজনৈতিক মিত্র জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের জন্য চারটি আসন ছেড়ে দেওয়ার চূড়ান্ত ঘোষণা দিয়েছে বিএনপি। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুপুরে গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য নিশ্চিত করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সমঝোতা অনুযায়ী, সিলেট-৫ আসনে জমিয়তে উলামায়ে ইসলামের সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক, নীলফামারী-১ আসনে মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে সহসভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিব এবং নারায়ণগঞ্জ-৪ আসনে যুগ্ম মহাসচিব মুফতি মনির হোসাইন কাসেমী প্রতিদ্বন্দ্বিতা করবেন। এসব আসনে বিএনপি কোনো দলীয় প্রার্থী দেবে না।

সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল জনগণকে ‘খেজুর গাছ’ প্রতীকে ভোট দিয়ে পরোক্ষভাবে ধানের শীষকে শক্তিশালী করার উদাত্ত আহ্বান জানান।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেন, বিগত দিনের যুগপৎ আন্দোলনে জমিয়তে উলামায়ে ইসলাম প্রথম সারিতে ছিল। সেই রাজনৈতিক সংহতির ধারাবাহিকতাতেই এই আসন সমঝোতা।

এদিকে জমিয়ত আমির মাওলানা ওবায়দুল্লাহ ফারুক বিএনপির নেতৃত্বের ওপর আস্থা প্রকাশ করে দেশ ও জাতির কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। একই সঙ্গে বিএনপি মহাসচিব হুঁশিয়ারি দিয়ে বলেন, দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে কেউ স্বতন্ত্র প্রার্থী হলে তার বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।