তারেক রহমানের ফ্লাইটে গোয়েন্দা নজরদারি: প্রত্যাহার হলেন দুই কেবিন ক্রু

0
তারেক রহমানের ফ্লাইটে নিরাপত্তা কড়াকড়ি: আওয়ামী সংশ্লিষ্টতার অভিযোগে ২ ক্রু প্রত্যাহার ।। ছবি: সংগৃহীত

লোকসমাজ ডেস্ক ॥ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের লন্ডন থেকে ঢাকা ফেরার নির্ধারিত ফ্লাইট থেকে দুজন কেবিন ক্রু  ক্রুকে প্রত্যাহার করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। গোয়েন্দা প্রতিবেদনের ভিত্তিতে ‘ভিআইপি নিরাপত্তা’ নিশ্চিত করতে এবং সম্ভাব্য ঝুঁকি এড়াতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বিমান সূত্রে জানা গেছে।

প্রত্যাহার হওয়া দুই কেবিন ক্রু হলেন—জুনিয়র পার্সার মো. সওগাতুল আলম সওগাত এবং ফ্লাইট স্টুয়ার্ডেস জিনিয়া ইসলাম। তাঁদের পরিবর্তে জুনিয়র পার্সার মোস্তফা ও ফ্লাইট স্টুয়ার্ডেস আয়াতকে ওই ফ্লাইটের দায়িত্ব প্রদান করা হয়েছে।

সংশ্লিষ্ট দায়িত্বশীল সূত্র জানায়, সম্প্রতি ওই দুই কেবিন ক্রুর সঙ্গে আওয়ামী লীগের শীর্ষ নেতাদের ঘনিষ্ঠতা ও ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। গোয়েন্দা প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, তারা নিয়মিত সাবেক সংসদ সদস্য শেখ সেলিমের ফ্লাইট পরিচালনার দায়িত্বে যুক্ত ছিলেন। তারেক রহমানের মতো গুরুত্বপূর্ণ যাত্রীর নিরাপত্তার স্বার্থে রাজনৈতিক সংশ্লিষ্টতার এমন তথ্যকে গুরুত্বের সঙ্গে নিয়েছে কর্তৃপক্ষ।

উল্লেখ্য, এর আগে চলতি বছরের ২ মে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার একটি ফ্লাইটেও অনুরূপ গোয়েন্দা প্রতিবেদনের ভিত্তিতে দুই ক্রুকে সরিয়ে নেওয়া হয়েছিল। ভিআইপি যাত্রীদের ক্ষেত্রে বিমানের এই বিশেষ নিরাপত্তামূলক ব্যবস্থা নিয়মিত প্রক্রিয়ারই অংশ বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।