যশোরের ভায়না গ্রামে ডাকাতির ঘটনায় প্রধান অভিযুক্ত আটক

0
ডাকাত মাসুম সর্দার

স্টাফ রিপোর্টার ॥ সিসি ক্যামেরার ফুটেজ দেখে শনাক্ত ডাকাত মাসুম সর্দারকে ঢাকা থেকে আটক করেছে পুলিশ। সদর উপজেলার ফতেপুর ইউনিয়নের ভায়না দোরাস্তা মোড় এলাকার শেখ বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ৩৮ দিনের মাথায় আটক হয়েছে এ ডাকাত সদস্য। তার কাছ থেকে উদ্ধার হয়েছে সাড়ে ২১ হাজার টাকা।

গত শুক্রবার রাতে ঢাকার কদমতলী এলাকায় অভিযান চালিয়ে ওই ডাকাত দলের একজনকে আটক করা হয়েছে। তার কাছ থেকে ২১ হাজার ৫শ টাকা উদ্ধার করা হয়েছে।আটক মাসুম সর্দার খুলনার সোনাডাঙ্গা থানার আল আমিন মহল্লা এলাকার বাচ্চু সর্দারের ছেলে।

কোতয়ালি থানা পুলিশের এসআই আব্দুল্লাহ আল মামুন জানান, গত ৫ নভেম্বর ভোররাতে ভায়না দোরাস্তা মোড় এলাকার শেখ বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতরা ওই বাড়ির মালিক শেখ হাবিবুর রহমান এবং তার স্ত্রী ও মেয়েকে অস্ত্রের মুখে জিম্মি করে ১০ ভরি স্বর্ণালঙ্কার. ৫ ভরি রুপার অলঙ্কার ও নগদ লাখ টাকা লুট করে নিয়ে যায়। এ ঘটনায় বাড়ির মালিক শেখ হাবিবুর রহমান কোতয়ালি থানায় মামলা করেন।

এ মামলার তদন্তকালে সিসি ক্যামেরার ফুটেজ দেখে মাসুম সর্দারকে শনাক্ত করেন। গত শুক্রবার রাতে ঢাকর কদমতলার রায়েরবাগ খানকা এলাকা থেকে তাকে আটক করা হয়।

তিনি বলেন, আটক মাসুম সর্দারের কাছ থেকে সাড়ে ২১ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাসুদ সর্দার ডাকাতির সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। শনিবার তাকে যশোরে এনে দুপুরের পর ঘটনাস্থলে নিয়ে যাওয়া হয়। এ সময় মাসুম সর্দার কীভাবে বাড়ির ভেতর ঢুকেছিলো তার বর্ণনা দেন পুলিশকে।

এদিকে ডাকাত আটকের খবর পেয়ে এলাকার অসংখ্য মানুষ শেখ বাড়ির সামনে অবস্থান নেন। পুলিশ ডাকাত মাসুম সর্দারকে সেখানে নিয়ে গেলে এলাকাবাসী তার শাস্তির দাবি জানান। বাড়ির মালিক শেখ হাবিবুর রহমান ডাকাত আটকের ঘটনায় সন্তোষ প্রকাশ করেন এবং পুলিশকে ধন্যবাদ জানান।