হাদির হামলাকারীর সন্ধানদাতাকে ৫০ লাখ টাকা পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্র উপদেষ্টার

0
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী ।। ছবি: সংগৃহীত
লোকসমাজ ডেস্ক ॥ ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির ওপর হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের জন্য ৫০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি মন্তব্য করেছেন, এ ধরনের হামলা জাতীয় সংসদ নির্বাচনকে বাধাগ্রস্ত বা বানচাল করার উদ্দেশ্যেই ঘটানো হয়েছে।
আজ শনিবার (১৩ ডিসেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আইন-শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা এই পুরস্কারের ঘোষণা দেন।
তিনি বলেন, “হাদির ওপর হামলার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে।”
এর আগে শনিবার সকালেই ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এক বিজ্ঞপ্তিতে জানায়, শুক্রবার (১২ ডিসেম্বর) রাজধানীর বিজয়নগর বক্স কালভার্ট এলাকায় মোটরসাইকেল আরোহী দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত হন শরিফ ওসমান হাদি। ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে একজনকে প্রাথমিকভাবে শনাক্ত করা হয়েছে এবং তাকে গ্রেপ্তারে পুলিশ জোরদার অভিযান চালাচ্ছে।
ডিএমপি অভিযুক্তের বিষয়ে কোনো তথ্য থাকলে ডিসি মতিঝিল (০১৩২০০৪০০৮০), ওসি পল্টন (০১৩২০০৪০১৩২) অথবা ৯৯৯-এ যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছে। পুলিশ আরও জানিয়েছে, তথ্যদাতার পরিচয় গোপন রাখা হবে এবং তাঁকে উপযুক্ত পুরস্কার দেওয়া হবে।
স্বরাষ্ট্র উপদেষ্টার পক্ষ থেকে ৫০ লাখ টাকা পুরস্কার ঘোষণার ফলে হামলাকারীদের দ্রুত শনাক্ত ও গ্রেপ্তারের প্রক্রিয়া আরও গতিশীল হবে বলে ধারণা করা হচ্ছে।