নির্বাচনের মাধ্যমে অবস্থার পরিবর্তন ঘটিয়ে নিরাপদ আবাস ভূমি গড়তে হবে : অনিন্দ্য ইসলাম অমিত

0

স্টাফ রিপোর্টার ॥ বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, শেখ হাসিনা পালিয়ে গেলেও তার দোসররা সমাজের রন্ধ্রে রন্ধ্রে বিদ্যমান। সুযোগ পেলেই তারা ছোবল মারবে। তাই এ ব্যাপারে সকলকে সতর্ক থাকতে হবে। নির্বাচনের মাধ্যমে অবস্থার পরিবর্তন ঘটিয়ে এই দেশকে সকলের জন্য নিরাপদ আবাসভূমি হিসেবে গড়তে হবে। তারেক রহমান ঘোষিত ৩১ দফার আলোকে সকলের অংশগ্রহণে নতুন বাংলাদেশ গঠন করতে হবে।

শনিবার যশোর পলিটেকনিক ইনস্টিটিউট অডিটোরিয়ামে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিইএব) যশোর জেলা শাখা আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অমিত বলেন, বিএনপি একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চায়, যেখানে জনগণ স্বাধীনভাবে তাদের মতামত প্রকাশ করতে পারবে। জনগণ যাদের রায় দেবে, তারাই দেশ পরিচালনা করবে। জনগণের রায়ের প্রতি বিএনপি সর্বদা শ্রদ্ধাশীল। ফ্যাসিস্ট আওয়ামী লীগ গত ১৬ বছর যেভাবে দেশ পরিচালনা করেছে, দেশের জনগণ কখনোই চায় না সেই দুঃশাসন আবার ফিরে আসুক। আওয়ামী লীগ ফিরে না এলেও অন্য কারও মাধ্যমে তাদের দুঃশাসন ফিরে আসুক, তা কোনোভাবেই কাম্য নয়।

তিনি আরও বলেন, নির্বাচন কমিশন, বিচার বিভাগ, নির্বাহী বিভাগ, মানবাধিকার কমিশন, দুর্নীতি দমন কমিশনসহ রাষ্ট্রের সকল স্তম্ভ ফ্যাসিস্ট আওয়ামী লীগ অত্যন্ত সুকৌশলে ভেঙে দিয়েছে। গণঅভ্যুত্থানের পর এখন অনেকে জনগণের মনোভাব বুঝে কথা বলছেন। কিন্তু বিএনপি ২০২৩ সালেই রাষ্ট্র মেরামতের জন্য ৩১ দফা পেশ করেছিল। রাষ্ট্র মেরামতে তারেক রহমান যেসব বিষয় উল্লেখ করেছিলেন, ঐক্যমত্য কমিশনও সেগুলো ধারণ করেই সংস্কারের কথা বলছে। যিনি সময়ের আগে ভাবতে পারেন, তিনিই দূরদৃষ্টিসম্পন্ন ব্যক্তি। আমাদের নেতা তারেক রহমান হাসিনার দুঃশাসনের সময়েই সেই কাজটি করেছিলেন।

অমিত বলেন, একটি ধর্মভিত্তিক রাজনৈতিক দলের আঁচলে আওয়ামী লীগ আশ্রয় নেবে এটি স্বাভাবিক। কারণ, সেই ধর্মভিত্তিক রাজনৈতিক দলের সাথে আওয়ামী লীগের মিলেমিশে থাকার স্বভাব অনেক পুরনো। তাদের ছাত্রসংগঠন ছাত্রলীগ, যুবসংগঠন যুবলীগ এবং মূল সংগঠনের নেতারা আওয়ামী লীগের সদস্যপদ গ্রহণ করেছিল। অর্থাৎ টিকে থাকার জন্য তারা আওয়ামী লীগের সঙ্গে মিলেমিশে চলে। পরিবর্তিত পরিস্থিতিতে সেই রাজনৈতিক দলের ওপর আওয়ামী লীগের ঋণ শোধ করার দায় আছে বলেই তারা আওয়ামী লীগকে আশ্রয় দিচ্ছে।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন এবং সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী রবিউল ইসলাম।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ডিইএব যশোরের আহ্বায়ক প্রকৌশলী মো. সিরাজুল ইসলাম। আরও উপস্থিত ছিলেন ডিইবি’র যশোর জেলা সিনিয়র যুগ্ম-আহ্বায়ক কামাল হোসেন, সদস্য সচিব সিরাজুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আমির ফয়সাল, জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি ওমর ফারুক তারেক ও সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাপ্পি প্রমুখ।