কেশবপুরে অপসারিত মেয়রকে ধরে পুলিশে দিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

0

স্টাফ রিপোর্টার, কেশবপুর (যশোর) ॥ কেশবপুর পৌরসভার অপসারিত মেয়র রফিকুল ইসলামকে গতকাল বুধবার দুপুরে পুলিশে সোপর্দ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা।

স্থানীয়রা জানিয়েছেন, অপসারিত মেয়র ও কেশবপুর পৌর আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর আত্মগোপনে চলে যান। তার বিরুদ্ধে ব্যাপক দুর্নীতি ও অনিয়মের অভিযোগ রয়েছে বলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা জানিয়েছেন।

এছাড়া কেশবপুরের সাবেক সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদারের ডান হাত হয়ে বিএনপি নেতা-কর্মীদের ওপর নির্যাতন চালিয়েছেন। তার বাহিনীর হাতে পৌরসভার সাবেক মেয়র আব্দুস সামাদ বিশ্বাসের ভাতিজা সাইফুল ইসলাম সুইট, বিএনপি নেতা প্রভাষক শাহাজানসহ অন্তত ২০ জনকে রক্তাক্ত জখম হতে হয়েছে বলে অভিযোগ রয়েছে।

বুধবার দুপুরে পৌর এলাকার ভবানীপুর এলাকার নিজ বাড়িতে অবস্থান করার খবর পায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। মুহূর্তে তার বাড়ি ঘেরাও করে কেশবপুর থানা পুলিশে খবর দেন আন্দোলনের নেতারা। কেশবপুর থানার পরিদর্শক (তদন্ত) খান শরীফুল ইসলাম সাবেক মেয়রকে থানায় নিয়ে যান।