সাপ নিয়ে খেলা, ছোবলে মৃত্যু কিশোরের

0

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ॥ ঝিনাইদহে সাপ নিয়ে খেলতে গিয়ে ছোবলে মারা গেছে মাহাফুজুর রহমান (১৬) নামের এক কিশোর। মঙ্গলবার রাতে ঝিনাইদহ সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের কেশবপুর গ্রামে এ ঘটনা ঘটে। মৃত কিশোর মাহাফুজুর রহমান ওই গ্রামের মৃত মতিয়ার রহমান মতির একমাত্র ছেলে।

প্রতিবেশী সোহান জানান, গ্রামের একটি তালগাছ থেকে মাহাফুজুর রহমান একটি সাপ ধরে টিফিন বাটিতে করে আটকে রাখে। মঙ্গলবার দুপুরে ওই তালগাছের কাছে গিয়ে সাপ নিয়ে খেলা করতে গিয়ে তার হাতে ছোবল দেয় সাপটি। তখন সে প্রথমে বিভিন্ন গাছের পাতা দিয়ে সাপেড় কামড়ের স্থানে ঘষতে থাকে। এক পর্যায়ে মুখ দিয়ে সাপের বিষ তুলতে গিয়ে আরও বেশি অসুস্থ হয়ে পড়ে।

গ্রামবাসী বশির উদ্দীন জানান, মাহফুজের সাথে থাকা তার বন্ধু সোহান অবস্থা বেগতিক দেখে তার পরিবারের লোকজনকে খবর দেয়। তার শারীরিক অবস্থার অবনতি হলে বিকেল ৩টার দিকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়।

জরুরি বিভাগের চিকিৎসক জান্নাত-আরা তাকে উন্নত চিকিৎসার জন্যে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার রাত ১০টার দিকে তার মৃত্যু হয়।

মহারাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খুরশিদ আলম মিঞা কিশোরের মৃত্যুও বিষয়টি নিশ্চিত করে বলেন, নিজের সামান্য ভুলের কারণে এমন মৃত্যু কাম্য হতে পারে না। তাই সাপ নিয়ে কখনও খেলা করা উচিত না।

বুধবার কিশোর মাহাফুজুর রহমানের নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়। তার মৃত্যুতে গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।