কারাবন্দী আসামিকে আদালতে এনে শোনানো হলো সাজার পরোয়ানা

0

স্টাফ রিপোর্টার ॥ দ্ইু সপ্তাহ আগে অস্ত্র আইনের একটি মামলায় সন্ত্রাসী আমজাদ হোসেন আকাশকে ১৭ বছরের কারাদন্ড প্রদান করে আদালত। রায় ঘোষণার সময় আমজাদ হোসেন আকাশ আদালতে অনুপস্থিত থাকায় তাকে পলাতক দেখানো হয়। তবে তিনি অন্য একটি মামলায় কারাগারে আটক ছিলেন। পরবর্তীতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অবগত হওয়ায় মঙ্গলবার তাকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়।

এ সময় অতিরিক্ত জেলা ও দায়রা জজ জুয়েল অধিকারী তাকে অস্ত্র মামলায় দেওয়া সাজার পরোয়ানা শোনান। পরে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালতের বিচারক। বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পিপি অ্যাড. মাহাবুবুর রহমান।

অস্ত্র মামলায় ১৭ বছরের সাজাপ্রাপ্ত আসামি আমজাদ হোসেন আকাশ শহরের শংকরপুর আশ্রম রোডের আব্দুল আলিমের ছেলে। তিনি জেলা যুবদলের নেতা বদিউজ্জামান ধনি হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি। বদিউজ্জামান ধনি হত্যা মামলায় সাজা হওয়ার পর থেকে তিনি কারাগারে আটক ছিলেন।

অস্ত্র আইনের মামলা সূত্রে জানা যায়, ২০১৫ সালের ১৫ নভেম্বর রাতে ডিবি পুলিশের তৎকালীন এসআই তোফায়েল আহমেদ বেজপাড়া কবরস্থান এলাকায় অভিযান চালান। এ সময় তিনি সেখান থেকে সন্ত্রাসী হুজুর ইয়াসিনকে ১টি বিদেশি পিস্তল এবং সন্ত্রাসী আকাশকে ৩ রাউন্ড গুলি ও ১টি ওয়ানশ্যুটারগানসহ আটক করেন। এছাড়া তাদের কাছে থাকা একটি ব্যাগ থেকে ৪টি ও ১টি ল্যাাপটপ উদ্ধার করা হয়। এ ঘটনায় এসআই তোফায়েল আহমেদ কোতয়ালি থানায় মামলা করেন।

ওই মামলায় আসামি আকাশের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত হওয়ায় গত ২৯ এপ্রিল আদালতের রায়ে তাকে অস্ত্র রাখার দায়ে ১০ বছর ও গুলি রাখার দায়ে ৭ বছর মোট ১৭ বছরের কারাদণ্ড প্রদান করেন। এ ছাড়া অপর আসামি ইতোমধ্যে খুন হওয়ায় তাকে মামলা থেকে অব্যহতি দেওয়া হয়।