জীবননগরে আ. লীগ নেতা গোলাম মর্তুজা গ্রেফতার

0

চুয়াডাঙ্গা সংবাদদাতা॥ চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার আওয়ামী লীগের সাবেক সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গোলাম মর্তুজাকে (৭২) গ্রেফতার করেছে দর্শনা জয়নগর ইমিগ্রেশন পুলিশ। রোববার সকাল ১১টার দিকে দর্শনা জয়নগর ইমিগ্রেশন আন্তর্জাতিক চেকপোস্ট থেকে তাকে গ্রেফতার করা হয়।

দর্শনা জয়নগর আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্টের ইনচার্জ এএসআই তারেক জানান,গোলাম মর্তুজা বৈধ পাসপোর্টে মেডিকেল ভিসায় ভারতে যাওয়ার চেষ্টা করছিলেন। এ সময় তাকে আটক করে দর্শনা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

দর্শনা থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ শহীদ তিতুমীর জানান, গ্রেফতার গোলাম মর্তুজার বিরুদ্ধে দর্শনা থানায় মামলা রয়েছে। তাকে রোববার আদালতে সোপর্দ করা হয়।

গোলাম মর্তুজা ২০১৪-২০১৯ সাল পর্যন্ত জীবননগর উপজেলা পরিষদের আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান ছিলেন। ২০০৯ থেকে ২০২১ সাল পর্যন্ত তিনি জীবননগর উপজেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করেন।