এটিএম আজহারের মুক্তির দাবিতে যশোরে শিবিরের বিক্ষোভ

0

স্টাফ রিপোর্টার ॥ কারাবন্দী জামায়াত নেতা এ টি এম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে যশোরে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ।

বুধবার বিকেলে যশোর ঈদগাহ মোড়ে মিছিল পূর্ব সমাবেশ অনুষ্ঠিত হয়। মিছিলটি জজকট মসজিদ মোড় থেকে শুরু হয়ে মনিহার এলাকায় শেষ হয়।

সমাবেশে জামায়াত নেতা এ টি এম আজহারুল ইসলামকে কারাগারে আটক রাখার সমালোচনা করেন দলটির জেলা নেতারা। এসময় জেলা জামায়াতের জেলা সহকারি সেক্রেটারি গেলাম কুদ্দুস বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনার শাসনামলের বিচারিক কার্যক্রমসমূহ সারা বিশ্বে বিতর্কিত, প্রশ্নবিদ্ধ ও প্রত্যাখ্যাত। এ টি এম আজহারুল ইসলামকে কারাগারে আটক রাখা তার প্রতি চরম অন্যায় ছাড়া আর কিছুই নয়। ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে তাকে এখনো আটক রাখায় জাতি বিস্মিত ও হতবাক।

তিনি বলেন, বৈষম্যহীন বাংলাদেশ গড়ার জন্য অসংখ্যবার জেল কেটেছেন এটিএম আজহার। ১৩ বছরের অধিককাল কারাগারে বন্দি। এভাবে ফ্যাসিবাদের আমলে নির্যাতিত হয়েছে। জামায়াত ইসলামী অন্যায় ও অবিচারের কাছে মাথানত করবে না। এসময় ৪৮ ঘন্টার ভেতর জননেতা এটিএম আজহারকে মুক্তি দেয়ার দাবি জানান তিনি।

সমাবেশে বক্তব্য রাখেন, জামায়াতে ইসলামীর যশোর শহর আমির অধ্যাপক শামসুজ্জামান, প্রচার সেক্রেটারি অধ্যাপক শাহাবুদ্দিন বিশ্বাস। সমাবেশে সভাপতিত্ব করেন শিবিরের শহর সভাপতি ইব্রাহিম হোসেন।