রাষ্ট্রীয় অতিথি ভবন ‘যমুনা’ই হচ্ছে নতুন প্রধানমন্ত্রীর বাসভবন

0
শপথের আগেই ঠিক হলো প্রধানমন্ত্রীর ঠিকানা। প্রধান উপদেষ্টা ড. ইউনূস যমুনা ছেড়ে দিলে এক থেকে দুই মাসের সংস্কার শেষে 'যমুনা'তেই উঠবেন নতুন প্রধানমন্ত্রী।। ছবি: সংগৃহীত

লোকসমাজ ডেস্ক ॥ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয়ী দল বিএনপির সংসদ নেতা ও হবু প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকারি বাসভবন চূড়ান্ত হয়েছে। গণভবনকে জাদুঘরে রূপান্তরের পূর্ব সিদ্ধান্ত বহাল থাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন ‘যমুনা’কেই নতুন প্রধানমন্ত্রীর বাসভবন হিসেবে ব্যবহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সূত্রে এই তথ্য নিশ্চিত হওয়া গেছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, আগামী মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে। এরপর বর্তমান প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ‘যমুনা’ ছেড়ে দিলে ভবনটি সংস্কারের কাজ শুরু হবে। সংস্কার সম্পন্ন করে এটি পুরোপুরি প্রস্তুত করতে প্রায় এক থেকে দুই মাস সময় লাগতে পারে। এর আগে শেরেবাংলা নগরে স্পিকারের বাসভবন বা প্রতিরক্ষা মন্ত্রণালয় এলাকা নিয়ে আলোচনা হলেও শেষ পর্যন্ত উপদেষ্টা পরিষদ স্থায়ী কোনো সিদ্ধান্ত না নিয়ে যমুনাকেই বেছে নিয়েছে।

উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপি ২০০-এর বেশি আসনে জয়লাভ করে এককভাবে সরকার গঠনের ম্যান্ডেট পেয়েছে। দলটির চেয়ারম্যান তারেক রহমানই নতুন সরকারের প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন—এটি এখন সময়ের ব্যাপার মাত্র। প্রধানমন্ত্রীর পাশাপাশি নতুন মন্ত্রিসভার সদস্যদের আবাসন নিশ্চিত করতেও কাজ করছে গণপূর্ত মন্ত্রণালয়ের বিশেষ কমিটি।