রমজানে স্কুল খোলা রাখার সিদ্ধান্ত স্থগিত; পুরো মাস ছুটি রাখতে হাইকোর্টের নির্দেশ

0
আসন্ন রমজানে মাধ্যমিক স্কুল খোলা রাখার সরকারি প্রজ্ঞাপন স্থগিত করেছেন হাইকোর্ট। পুরো মাস বন্ধ থাকবে শিক্ষাপ্রতিষ্ঠান।। ছবি: সংগৃহীত

লোকসমাজ ডেস্ক ॥ আসন্ন পবিত্র রমজান মাসে সরকারি ও বেসরকারি নিম্ন মাধ্যমিক এবং মাধ্যমিক বিদ্যালয় খোলা রাখার সরকারি সিদ্ধান্ত স্থগিত করেছেন হাইকোর্ট। আজ রোববার (১৫ ফেব্রুয়ারি) বিচারপতি ফাহমিদা ও বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক আদেশে পুরো রমজান মাস শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দেন।

এর আগে শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে রমজানের প্রথম ২১ দিন স্কুল খোলা রাখার কথা জানানো হয়েছিল। সরকারের এই সিদ্ধান্তকে অসাংবিধানিক ও বৈষম্যমূলক উল্লেখ করে সুপ্রিম কোর্টের আইনজীবী মো. ইলিয়াছ আলী মন্ডল গত ৫ জানুয়ারি একটি উকিল নোটিশ পাঠান। রিট আবেদনকারীর পক্ষ থেকে জানানো হয়, স্বাধীনতার পর থেকেই রমজানে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখা একটি প্রতিষ্ঠিত প্রথা ও রীতি, যা সংবিধানের ১৫২(১) অনুচ্ছেদ অনুযায়ী আইনের মর্যাদা পায়।

আদালতে শুনানির সময় উল্লেখ করা হয়, রোজা রেখে দীর্ঘ সময় ক্লাস করা শিশু-কিশোরদের জন্য কষ্টসাধ্য এবং এটি তাদের ধর্মীয় আচার চর্চায় বাধা সৃষ্টি করতে পারে। এছাড়া রমজানে স্কুল খোলা রাখলে বড় শহরগুলোতে তীব্র যানজটের সৃষ্টি হয়, যা জনজীবনকে দুর্বিষহ করে তোলে। আদালত উভয় পক্ষের শুনানি শেষে সরকারের পূর্বের প্রজ্ঞাপন স্থগিত করে স্কুল বন্ধের আদেশ দেন।