সাতক্ষীরায় বাসের ধাক্কায় মাহেন্দ্র আরোহী নিহত

0

সাতক্ষীরা সংবাদদাতা॥ সাতক্ষীরায় বাসের ধাক্কায় মাহেন্দ্র আরোহী এক ব্যক্তি নিহত হয়েছেন। শুক্রবার সকাল সাড়ে দশটার দিকে শহরের অদূরে বিনেরপোতা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতের নাম যতীন্দ্রনাথ মুখার্জি (৪০)। তিনি সাতক্ষীরার আশাশুনি উপজেলার সাইহাটি গ্রামের মৃত ডা. শৈলেন্দ্রনাথ মুখার্জির ছেলে।

নিহতের বড় ভাই মহেন্দ্রনাথ মুখার্জি জানান, তারা দুই ভাই সকালে একটি মাহেন্দ্রে করে সাতক্ষীরা থেকে পাটকেলঘাটায় যাচ্ছিলেন। পথিমধ্যে সকাল সাড়ে দশটার দিকে শহরের অদূরে সাতক্ষীরা-খুলনা মহাসড়কের বিনেরপোতা এলাকায় পৌঁছুলে ঢাকা থেকে ছেড়ে আসা সাতক্ষীরাগামী একটি বাস তাদের মাহেন্দ্রটিকে ধাক্কা দেয়। এ সময় মাহেন্দ্রটি উল্টে রাস্তার ওপর পড়ে গেলে তার ভাই যতীন্দ্রনাথ মুখার্জি গুরুতর আহত হন।

সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক মমতাজ মজিদ তাকে মৃত ঘোষণা করেন। সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ শামিনুল হক ঘটনা সত্যতা নিশ্চিত করেছেন।