দাফনের দেড় মাস পর বাড়ি ফিরল তোফাজ্জেল

0

রিফাত রহমান, চুয়াডাঙ্গা।। আড়াই মাস আগে বাবা-মায়ের ওপর রাগ করে বাড়ি থেকে চলে যায় চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার হারদী ইউনিয়নের বৈদ্যনাথপুর গ্রামের আবু সাইদের ছেলে কিশোর তোফাজ্জেল হোসেন তোফান (১৪)।

পরিবারের সদস্যরা নিকটতম আত্মীয়স্বজনসহ বিভিন্ন এলাকায় খোঁজ করে তাকে না পেয়ে তার বাবা জানুয়ারি মাসে আলমডাঙ্গা থানায় একটি সাধারণ ডায়েরি করেন। পুলিশের পাশাপাশি তার পরিবারের সদস্যরা বিভিন্ন এলাকায় খোঁজখবর নিতে থাকেন।

তোফাজরজেল নিখোঁজের একমাস পর গাইবান্ধা থেকে এক কিশোরের  ট্রেনে কাটা মরদেহ উদ্ধার করে রেলওয়ে পুলিশ। বিষয়টি জানতে পেরে দ্রুত সেখানে চলে যান তোফানের পরিবারের লোকজন। মরদেহটি দেখে হুবহু নিজের ছেলের মতো বলে মনে হয় তার বাবার। মরদেহটি তোফাজ্জেলের ভেবে গ্রামের বাড়িতে এনে দাফন করেন।

কিন্তু এর দেড় মাস পর  সুস্থ শরীরে ওই কিশোর  শুক্রবার  তার নিজ বাড়তে ফিরে আসলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

তোফাজ্জেলের বাবা আবু সাঈদ জানান,তারা প্রথমে এই ভেবে সান্ত্বনা খুঁজে পেয়েছিলেন যে ছেলে মারা গেলেও মরদেহ তো অন্তত পাওয়া গেছে। কিন্তু তারা জানতেন না, ছেলে তোফান বেঁচে আছে। ছেলে বাবা মায়ের বুকে ফিরে আসায় তারা আনন্দে আত্মহারা হয়ে পড়েছেন।

তোফানের মা অশ্রুজড়িত কণ্ঠে বলেন, ছেলের মুখে আবার মা ডাক শুনছি। ছেলেকে আমার বুকে ফিরে পাব তা আমি কখনও ভাবতে পারিনি। আল্লাহর কাছে হাজারো শুকরিয়া তিনি আমার ছেলেকে আবারও আমার বুকে ফিরিয়ে দিয়েছেন।

কিশোর তোফাজ্জেল জানায়,  বাবা-মায়ের ওপর অভিমান করে আড়াই মাস আগে বাড়ি ছেড়ে আলমডাঙ্গার এক বন্ধুর সাথে রাজধানী ঢাকায় চলে যায়। ঢাকার শ্যামলীতে একটি লোহার দোকানে কাজ করে। সেখানেই থাকতে হতো। সামনে ঈদ আসায় ছুটিতে বাড়িতে চলে এসেছে।

এ বিষয়ে আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মাসুদুর রহমান জানান, শুক্রবার সকালে বিভিন্ন মাধ্যমে খবর জানতে পেরেছি দাফনের দেড় মাস পর নিখোঁজ কিশোর বাড়িতে ফিরে এসেছে। এ বিষয়ে গাইবান্ধা থানা পুলিশকে অবগত করা হয়েছে।