চুয়াডাঙ্গায় ৩ কোটি টাকার সোনা উদ্ধার

0

চুয়াডাঙ্গা সংবাদদাতা॥ চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার ভারত সীমান্তের হুদাপাড়া থেকে ২ কেজি ৩৩৫ গ্রাম ওজনের ৪টি সোনার বার উদ্ধার করেছে বিজিবি। উদ্ধার করা সোনার বাজার দর আনুমানিক ২ কোটি ৮৪ লাখ ৩০ হাজার ১৫০ টাকা।
চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক ও পরিচালক লে.কর্নেল নাজমুল হাসান শুক্রবার সকালে সংবাদকর্মীদের কাছে পাঠানো এক মেইল বার্তায় জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারা যায়, দামুড়হুদা উপজেলার হুদাপাড়া সীমান্ত দিয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে সোনার একটি চালান সীমান্তবর্তী একটি বাড়িতে পরিত্যক্ত গোয়াল ঘরে লুকিয়ে রাখা হয়েছে। এরই প্রেক্ষিতে ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার সহকারী পরিচালক হায়দার আলীর নেতৃত্বে হুদাপাড়া বিওপির একদল বিজিবি সদস্য সীমান্ত পিলার ৯৬/৪-এস হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে হুদাপাড়া গ্রামে অবস্থান নেন। বিজিবির সশস্ত্র টহল দল আনুমানিক সন্ধ্যা ৬টায় হুদাপাড়ার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে ওই গ্রামের মরহুম রমজান আলী খানের ছেলে হারুনের (৩৫) বসতবাড়ির অদূরে পরিত্যক্ত গোয়াল ঘরে তল্লাশি চালায়। ওই সময় বাড়ির মালিক হারুন কৌশলে পালিয়ে যান। বিজিবি টহলদল গোয়াল ঘরের ভেতরে ঝুলানো একটি নেটের ব্যাগের মধ্যে সাদা বাইন্ডিং টেপ দিয়ে মোড়ানো ২টি প্যাকেট জব্দ করে। জব্দ করা প্যাকেট হতে কালো স্কচটেপ দিয়ে মোড়ানো ২কেজি ৩৩৫ গ্রাম ওজনের ৪টি সোনার বার উদ্ধার করা হয়। জব্দ সোনার আনুমানিক বাজার দর ২ কোটি ৮৪ লাখ ৩০ হাজার ১৫০ টাকা।
এ ব্যাপারে নায়েক ইকবাল হোসেন দামুড়হুদা থানায় একটি মামলা করেছেন। জব্দ করা সোনার বারগুলো পরীক্ষা-নিরীক্ষা শেষে চুয়াডাঙ্গা ট্রেজারিতে জমা দেওয়া হয়েছে।