যশোর জেলা বিএনপির নতুন কমিটি হবে কর্মীদের ভোটে

0

স্টাফ রিপোর্টার ॥ নির্বাচনের মাধ্যমেই গঠিত হতে যাচ্ছে যশোর জেলা বিএনপির কমিটি। সভাপতি, সাধারণ সম্পাদক এবং সাংগঠনিক সম্পাদকের ৩টি পদে অনুষ্ঠিত হবে নির্বাচন। ইতোমধ্যে নির্বাচনের তফসিল ঘোষিত হয়েছে। তফসিল অনুযায়ী আগামী ২২ ফেব্রুয়ারি শনিবার আলমগীর সিদ্দিকী হলে বেলা ২ টা থেকে বিকেলে ৫ টা পর্যন্ত ভোট। মোট ভোটার ১ হাজার ৬শ ১৬ জন।

এরআগে রোববার বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসিচব অ্যাড. রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জেলা নির্বাচন পরিচালনা কমিটির সদস্যদের নাম প্রকাশ হয়। কমিটির আহবায়ক অ্যাড. মো. ইসহক। সদস্য অ্যাড. হাজী আনিছুর রহমান মুকুল, অধ্যক্ষ মকবুল হোসেন, ডা. এস.এম রবিউল আলম ও সাংবাদিক সাইফুল ইসলাম সজল।

গতকাল সোমবার সন্ধ্যায় জেলা বিএনপি কার্যালয়ে নির্বাচন পরিচালনা কমিটির সভা শেষে তফসিল ঘোষণা করেন আহ্বায়ক অ্যাড. মো. ইসহক। গতকাল সকালে খসড়া ভোটার তালিকা প্রকাশিত হয়। ঘোষিত তফসিল অনুযায়ী আজ (১৮ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত খসড়া ভোটার তালিকার ওপর আপত্তি গ্রহণ ও শুনানি অনুষ্ঠিত হবে। এ দিন সন্ধ্যা ৭টায় চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।

আগামীকাল বুধবার সকাল ১০ টা থেকে বেলা ১২ টা পর্যন্ত মনোনয়ন ফরম বিক্রি, বেলা ১২ টা থেকে ২ টা পর্যন্ত জমা এবং বেলা ২ টা থেকে ৩ পর্যন্ত যাচাই বাছাই কার্যক্রম সম্পন্ন হবে।

এ দিন সন্ধ্যা ৬ টায় চুড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ এবং সন্ধ্যা ৭ টার মধ্যে প্রার্থীতা প্রত্যাহার করা যাবে। মনোয়নয় ফরম সংগ্রহের সময় সভাপতি ও সাধারণ সম্পাদক পদে ৫০ হাজার টাকা এবং সাংগঠনিক সম্পাদক পদে ৩০ হাজার টাকা (অফেরৎযোগ্য) জমা দিতে হবে। জমাদানের সময় জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, দুই কপি পাসপোর্ট সাইজের ছবি এবং মনোনয়ন ফরম ক্রয়ের মূল রশিদ সংযুক্ত করতে হবে।

উপজেলা এবং পৌর বিএনপির কোন নির্বাহী পদে থেকে নির্বাচনে প্রার্থী হলে উক্ত পদ থেকে পদত্যাগ করে তার কপি মনোনয়ন ফরমের সাথে সংযুক্ত করতে হবে।