ডুমুরিয়ায় ৬টি ইটভাটা উচ্ছেদ

0

ডুমুরিয়া (খুলনা) সংবাদদাতা॥ উচ্চ আদালতের নির্দেশনা উপেক্ষা ও ইটভাটা নিয়ন্ত্রণ আইন লঙ্ঘনের দায়ে খুলনার ডুমুরিয়ায় ৬টি ইটভাটা উচ্ছেদ করা হয়েছে।
গতকাল সোমবার সকাল থেকে বিকেল পর্যন্ত পরিচালিত এ অভিযানে ১টি ইটভাটার চিমনি ও চুল্লি ভেঙে দেওয়া ও ৫টি ইটভাটার কাঁচা ইট পানি ছিটিয়ে নষ্ট করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন খুলনা বিভাগীয় পরিবেশ দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতাজ বেগম ও ডুমুরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসাদুর রহমান।
এ সময় ভদ্রা নদীর জায়গা দখল করে নির্মিত খর্ণিয়া এলাকার মেরী ব্রিকসের চিমনি ও চুল্লি ভেঙে দেওয়া হয়। এছাড়া ওই এলাকার শাহাজান জমাদ্দারের মালিকানাধীন নুরজাহান ব্রিকস ও সান ব্রিকস, রানাই এলাকায় আব্দুল লতিফ জমাদ্দারের জে বি ব্রিকস, আমিনুল ইসলামের মালিকানাধীন লুইন ব্রিকস, চহেড়া এলাকার গাজী আব্দুল হকের মালিকানাধীন সেতু ব্রিকস-৪- এ অভিযান চালিয়ে নদীর সরকারি জায়গা দখল করে প্রস্তুত করা কাঁচা ইটে পানি ছিটিয়ে ও ট্রাক্টর দিয়ে নষ্ট করা হয়। এ সময় ভাটা মালিকদের কাছ থেকে ইটভাটা চালানো হবে না বলে মুচলেকা নেওয়া হয়েছে। ভ্রাম্যমাণ আদালত মেরী ব্রিকস, জে বি ব্রিকস, লুইন ব্রিকস, সেতু ব্রিকস, স্টোন ব্রিকস, জে সি ব্রিকস, এন কেবি ব্রিক্সস, এস বি ব্রিক্সস ও সেতু ব্রিক্সসে অভিযান চালিয়ে মোট ২০ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করে।
আদালত পরিচালনায় সহযোগিতা করেন পরিবেশ দপ্তরের সহকারী পরিচালক পারভেজ আহম্মেদ।