কৃষক ও কৃষির উন্নয়নে বিএনপি ছাড়া কেউ কাজ করেনি: অধ্যাপক নার্গিস বেগম

0

চুড়ামনকাটি (যশোর) সংবাদদাতা ॥ যশোর সদর উপজেলার হৈবতপুর ইউনিয়ন কৃষকদলের সমাবেশে যশোর জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক নার্গিস বেগম বলেছেন, দেশের কৃষক ও কৃষির উন্নয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ছাড়া কেউ কাজ করেনি। বিগত ফ্যাসিস্ট সরকার দেশের কৃষিখাতকে ধ্বংস করে দিয়েছে। কৃষকের মেরুদণ্ড ভেঙ্গে দিয়ে গেছে। আগামীতে জনগণের সমর্থনে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গেলে কৃষকের মুখে সারা বছর হাসি থাকবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রাষ্ট্র মেরামতের জন্য যে রূপরেখা দিয়েছেন সেখানে কৃষকের জন্য শস্য বিমা চালু, বিনা সুদে কৃষি ঋণ ও সকল প্রকার কৃষি উপকরণ সহজ লভ্য করার ঘোষণা আছে।

মঙ্গলবার যশোর সদর উপজেলার হৈবতপুর ইউনিয়ন কৃষক দল আয়োজিত বড় হৈবতপুর মাঠে কৃষক সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। সমাবেশে শত শত কিষাণ-কিষাণী কৃষি যন্ত্রপাতিসহ যোগ দেন।

সমাবেশে অধ্যাপক নার্গিস আরও বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিজে মাঠে মাঠে ঘুরিয়ে কৃষকের সমস্যা অনুভব করেন ও তার যথার্থ সমাধান করেছিলেন। খাল খনন কর্মসূচি থেকে শুরু করে একের পর এক যুগান্তকারী পদক্ষেপ গ্রহণের মাধ্যমে তিনি কৃষিতে সবুজ বিপ্লব ঘটিয়ে দেশের খাদ্য স্বয়ং সম্পূর্ণতা অর্জন এবং অর্থনীতির ভিত মজবুত করেছিলেন।

সমাবেশের প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় কৃষক দলের সিনিয়র যুগ্ম-সম্পাদক প্রকৌশলী টি এস আইয়ূব। সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু।
হৈবতপুর ইউনিয়ন বিএনপির সভাপতি হাফিজুর রহমানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য গোলাম রেজা দুলু, মিজানুর রহমান খান, কাজী আজম, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আঞ্জুরুল হক খোকন, জেলা কৃষকদলের আহ্বায়ক ভারপ্রাপ্ত অধ্যক্ষ মকবুল হোসেন, সদস্য সচিব শিকদার সালাউদ্দিন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাবিবুল ইসলাম কচি, বিএনপি নেতা রবিউল ইসলাম, আব্দুস সালাম, মাহবুবুর রহমান প্রমুখ।