দর্শনা দিয়ে দেশে ঢুকেছে ভারতের ২,৪৫০ মেট্রিক টন চাল

0

চুয়াডাঙ্গা সংবাদদাতা॥ দর্শনা শুল্ক রেলস্টেশন দিয়ে ভারত থেকে ২ হাজার ৪৫০ মেট্রিক টন চাল আমদানি করা হয়েছে। মঙ্গলবার রাত সোয়া ৯টার দিকে ভারতের গেদে রেলস্টেশন দিয়ে ৪২ ওয়াগন বোঝাই চাল দর্শনা রেল ইয়ার্ডে পৌঁছে। এ সময় ভারতের রেলওয়ের পরিচালক স্বাগতম বালাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান দর্শনা সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আতিয়ার রহমান হাবু।

এ চাল খালাসে নিযুক্ত সিঅ্যান্ড এফ এজেন্ট আতিয়ার রহমান হাবু জানান,ঢাকা পুরানা পল্টনের মেসার্স মজুমদার এগ্রোটেক ইন্টারন্যাশনাল লিমিটেড এ চাল আমদানি করেছে। প্রতি মেট্রিক টন চালের ইনভয়েস মূল্য ৪৯০ ডলার। কলকাতার ৭/১ লর্ড সিনহা রোডের সৌভিক এক্সপোর্ট লিমিটেড এ চাল রফতানি করেছে।

দর্শনা আন্তর্জাতিক রেলস্টেশনের ম্যানেজার মির্জা কামরুল হক জানান, কাস্টমস পরীক্ষণ ও শুল্কায়নের পর এ চাল ঈশ্বরদী ও সিরাজগঞ্জে বুকিং হবে। সেখান থেকে ট্রাকযোগে আমদানিকারক চাল নিয়ে যাবেন।

ভারত থেকে ১ লাখ ৫৯ হাজার মেট্রিক টন চাল আমদানি করবে বাংলাদেশ সরকার। দর্শনা শুল্ক রেলওয়ে স্টেশনে দিয়ে এ চালের প্রথম চালান দেশে ঢুকলো।