যশোরে নাশকতা মামলার আসামিদের মিছিল ফ্যাসিস্ট হাসিনার পক্ষে স্লোগান

0

স্টাফ রিপোর্টার ॥ জেলা বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগ মামলার ৮ আসামি গতকাল সোমবার দুপুরে যশোর শহরের কোর্ট এলাকায় ঝটিকা মিছিল করে লাপাত্তা হয়ে হয়ে গেছেন। নাশকতা মামলায় জামিনে থাকা এ আসামিরা গতকাল আদালতে হাজিরা শেষে মিছিল বের করেন। ১/২ মিনিট স্থায়ী এ মিছিলে ফ্যাসিস্ট শেখ হাসিনার পক্ষে স্লোগান দেওয়া হয়। মিছিলের নেতৃত্ব দেন জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক শেখ আতিকুর রহমান বাবু ওরফে আতিক বাবু।

ফ্যাসিস্টমুক্ত যশোরে ফ্যাসিস্টের পক্ষে স্লোগান ও মিছিলকে পরিকল্পিত বিশৃঙ্খলা সৃষ্টি বলে মনে করছেন রাজনৈতিক নেতৃবৃন্দ। বৈষম্যবিরোধী শিক্ষার্থী নেতারা বলছেন খুনিদের মিছিল করার কোনো অধিকার নেই।

প্রত্যক্ষদর্শীরা জানান, জেলা বিএনপির অফিস ভাঙচুর ও পোড়ানোর মামলায় জামিনে থাকা ৬৭ জন আসামি সোমবার সদর আমলী আদালতে হাজিরা দেন। হাজিরা শেষে দুপুর সাড়ে ১২টার দিকে নাশকতার ওই মামলার ৮ জন আসামি জেলা জজ আদালতের পুরানো ভবনের সামনের রাস্তায় গিয়ে জয় বাংলা স্লোগান দিয়ে প্রায় ১/২ মিনিটের ঝটিকা মিছিল করেন। এরপর আসামিরা আশপাশের বিভিন্ন অলিগলি দিয়ে দ্রুত পালিয়ে যান। ওই মিছিলের ভিডিও ধারণ করে শেখ আতিক বাবু নিজের ফেসবুক পেজে পোস্ট করেন। ফ্যাসিস্টের পক্ষের অনেকেই এ ভিডিও শেয়ার করেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে মিছিলের ভিডিও ছড়িয়ে পড়ার পর যশোরের সাধারণ মানুষের মধ্যে প্রচণ্ড ক্ষোভ দেখা দেয়। অনেকেই মন্তব্যে ফ্যাসিস্টের শাস্তি দাবি করেন।

এদিকে দুপুর ১২টার মিছিল ফেসবুকে ছড়িয়ে পড়লেও সন্ধ্যা ৭টায় পুলিশ কিছু জানতে পারেনি। কোর্ট পুলিশ পরিদর্শক মোছা. রোকসানা খাতুন জানান, তাদের আদালত চত্বরের ভেতর এ ধরনের কোনো ঘটনা ঘটেনি।

কোতয়ালি থানা পুলিশের ওসি মো. আব্দুর রাজ্জাক জানান, তিনি এ ধরনের একটি মিছিলের ভিডিও লিংক হাতে পেয়েছেন। খোঁজখবর নিয়ে পদক্ষেপ নেবেন।

এ বিষয়ে সন্ধ্যা ৬টা ২৫ মিনিটে জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার নুর ই আলম সিদ্দিকী জানান, তিনি বিষয়টি সম্পর্কে অবগত নন। তবে বিষয়টি খোঁজ নিয়ে দেখবেন।

এদিকে মিছিলটিকে পরিকল্পিত বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা বলছেন জেলা বিএনপির সদস্য সচিব সৈয়দ সাবেরুল হক সাবু। মিছিলকারী ও এদের পক্ষ অবলম্বনকারীদের দ্রুত আটক করে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তিনি।

বৈষম্য বিরোধী ছাত্র অন্দোলনের যশোর জেলা আহ্বায়ক রাশেদ খান জানান, খুনিদের নামে মিছিল শহীদদের জন্য অপমানজনক। খুনি শেখ হাসিনার নাম উল্লেখ করে মিছিলকারীরা শহীদদের বিরুদ্বাচারণ করেছেন। এদের শাস্তি হওয়া দরকার।