ইবিতে পরীক্ষা দিতে এসে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আটক

0

ইবি সংবাদদাতা॥ পরীক্ষা দিতে এসে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীদের তোপের মুখে পড়েছেন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার সহসভাপতি মামুনুর রশিদ। তিনি ম্যানেজমেন্ট বিভাগের ২০১৮-১৯ বর্ষের শিক্ষার্থী।
সোমবার দুপুর দেড়টার দিকে বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদ ভবনে এ ঘটনা ঘটে। পরে তাকে ইবি থানায় সোপর্দ করেছে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি।
জানা যায়, সোমবার অনুষ্ঠিত মানোন্নয়ন পরীক্ষায় অংশগ্রহণ করেন মামুনুর রশিদ। শিক্ষার্থীরা অবগত হওয়ার পর পরীক্ষার হলের সামনে জড়ো হন। পরীক্ষা শেষে হল থেকে বের হলে শিক্ষার্থীরা তাকে চড়-থাপ্পড় দেন। পরে প্রক্টরিয়াল বডি এসে ওই শিক্ষার্থীকে উদ্ধার করে থানায় সোপর্দ করেন।
প্রক্টরের দায়িত্বে থাকা সহকারী অধ্যাপক ড. ফকরুল ইসলাম বলেন, এই শিক্ষার্থীর বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ থাকায় তাকে পরীক্ষা দিতে আসতে নিষেধ করা হয়েছিল। নিষেধ করার পরও তিনি পরীক্ষা দিতে এসেছেন। আসার পেছনে কারোর ইন্ধন রয়েছে। শিক্ষার্থীদের সঙ্গে বিষয়টি খতিয়ে দেখব। তাকে পুলিশি হেফাজতে দেওয়া হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
ইবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদী হোসেন বলেন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অভিযুক্ত শিক্ষার্থীকে পুলিশের হেফাজতে দিয়েছেন। আমরা জানতে পেরেছি তিনি নিষিদ্ধ ছাত্রসংগঠনের গুরুত্বপূর্ণ পদে ছিলেন।