মিয়া আব্দুস সাত্তারের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ

0

স্টাফ রিপোর্টার ॥ দৈনিক স্ফুলিঙ্গ সম্পাদক মিয়া আব্দুস সাত্তারের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ। ২০২২ সালের এইদিন তিনি ইন্তিকাল করেন। যশোরের জ্যেষ্ঠ এ সম্পাদক দক্ষিণ-পশ্চিমাঞ্চলে সংবাদপত্রসেবীদের কাছে গুরু হিসেবে সুখ্যাতি অর্জন করেছিলেন।
মিয়া আব্দুস সাত্তার স্বাধীন বাংলাদেশে প্রথম বাংলা দৈনিক পত্রিকা প্রকাশ করেন। মুক্তিযুদ্ধের সমাপ্তি ঘোষণার আগে যশোর স্বাধীন হবার পরপরই তিনি যশোর থেকে পত্রিকাটি প্রকাশ করেন। যুদ্ধবিধ্বস্ত দেশে যশোরাঞ্চলে পাক-হানাদারদের গণহত্যা, ধ্বংসযজ্ঞ ও বিজয়ে মুক্তিযোদ্ধাদের বীরত্বগাঁথা খবরে সম্মৃদ্ধ দৈনিক স্ফুলিঙ্গ ব্যাপক আলোচিত হয়। পরে তিনি কাগজটি নিয়মিত করেন। অনেকের মতে মিয়া সাত্তার ও তার স্ফুলিঙ্গ ছিল স্বাধীন বাংলাদেশে বৃহত্তর যশোরে সাংবাদিক ও সাংবাদিকতা সৃষ্টির কেন্দ্রবিন্দু। অসাধারণ মেধাসম্পন্ন সাংবাদিক -সম্পাদক মিয়া আব্দুস সাত্তারের সরাসরি শিক্ষায় বেড়ে ওঠা সাংবাদিকরা আজও প্রতিষ্ঠিত। জীবদ্দশায় তাকে অনেকেই সাংবাদিক তৈরির কারিগর বা গুরু মানতেন এবং এখনো স্বীকার করেন।
মিয়া আব্দুস সাত্তারের কনিষ্ঠ পুত্র অপু পিতার আত্মার শান্তির জন্য সবার কাছে দোয়া কামনা করেছেন।