যশোরে নাশকতা মামলায় আ.লীগের ১৬৭ নেতাকর্মীর আত্মসমর্পণ, ৪২ জনের জামিন

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর কোতয়ালিসহ ৩ থানার আলাদা নাশকতার চার মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৬৭ নেতাকর্মী রোববার আদালতে আত্মসমর্পণ করেছেন। এর মধ্যে একটি মামলার ৪২ আসামির জামিন মঞ্জুর এবং অপর ৩ মামলার ১২৫ আসামির জামিন নামঞ্জুরের আদেশ দিয়েছেন সংশ্লিষ্ট আদালতের বিচারকেরা। বিষয়টি নিশ্চিত করেছেন কোর্ট ইনসপেক্টর রোকসানা খাতুন।
অপরদিকে অভয়নগর থানার নাশকতার মামলার আসামি উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি খাঁন এ কামালসহ ২ জনকে আটক করেছে পুলিশ। রোববার তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
আদালত সংশ্লিষ্ট সূত্র জানায়, গত ১৯ নভেম্বর কোতয়ালি থানায় দায়ের করা নাশকতার (বোমাবাজি ও মারধর) একটি মামলার ২০ আসামি রোববার সদর আমলী আদালতে আত্মসমর্পণ করেন। এ সময় আদালতের বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. গোলাম কিবরিয়া তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। আত্মসমর্পণকারীরা হলেন, ফতেপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শেখ সোহরাব হোসেন, সদর উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক রবিউল ইসলাম, ফতেপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি মনিরুজ্জামান মনির, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি রফিকুল ইসলাম, হালিম বিশ্বাস, কৃষকলীগ নেতা টিটো, আব্দুস সবুর, ফিরোজ, আবু খায়ের, সাত্তার সরদার, মারজন, খায়ের, তন্ময়, হরিচাঁদ, হিরাজ, রফিকুল ইসলাম, তারেক, শফিয়ার রহমান, আতর আলী ও আরিফুল ইসলাম। এরা সকলে ফতেপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামের বাসিন্দা।
অপরদিকে একইদিন অভয়নগরের আলাদা ২টি নাশকতার মামলায় ১০৫ জন আসামি আদালতে আত্মসমর্পন করেন। এ সময় সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট পলাশ কুমার দালাল তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠনোর আদেশ দেন। আত্মসমর্পকারীদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন, অভয়নগর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন, কোষাধ্যক্ষ আনিছুর রহমান মিন্টু, সাবেক হুইপ আব্দুল ওহাবের ছেলে শেখ কাফি সম্রাট, বিপুল শেখ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক শফি কামাল, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক কাজী মামুন, জসিম উদ্দিন, আমির শেখ, আওয়ামী লীগ নেতা ইলিয়াস সরদার ও বাচ্চু খান। অভয়নগর উপজেলার বিভিন্ন স্থানের বাসিন্দা আত্মসমর্পণকারীরা।
এছাড়া একইদিন কেশবপুর থানার আরেকটি নাশকতার মামলার ৪২ আসামি আদালতে আত্মসমর্পন করে জামিনের আবেদন করেন। এ সময় সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রাশেদুর রহমান তাদের জামিন আবেদন মঞ্জুরের আদেশ দিয়েছেন।
এদিকে গত ১০ ডিসেম্বর অভয়নগর থানায় দায়ের করা নাশকতার একটি মামলায় উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি খাঁন এ কামালসহ দুই জনকে আটক করেছে পুলিশ। অপর আটকের নাম মিজানুর রহমান। তিনি উপজেলার দিঘিরপাড় গ্রামের বাসিন্দা। তাকে গত শনিবার দিবাগত রাতে এবং খাঁন এ কামালকে রোববার বেলা সাড়ে ১১টার দিকে আটক করে পুলিশ। পরে রোববার দুপুরে আদালতের মাধ্যমে তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে।