চুয়াডাঙ্গার নাস্তিপুর সীমান্ত থেকে ১০টি সোনার বার উদ্ধার

0

চুয়াডাঙ্গা সংবাদদাতা॥ চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার সীমান্তবর্তী নাস্তিপুর গ্রামের একটি আমবাগান থেকে এক চোরাকারবারীর ফেলে যাওয়া পোটলা হতে ১ কেজি ১৬৪ গ্রাম ওজনের ১০টি অবৈধ সোনার বার উদ্ধার করেছে বিজিবি। মঙ্গলবার সকাল পৌনে ১০টার দিকে সোনার বারগুলো উদ্ধার করা হয়।
চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্নেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান সংবাদকর্মীদের কাছে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছেন, চুয়াডাঙ্গা জেলার দর্শনা থানার অন্তর্গত বারাদী বিওপির এলাকা দিয়ে সোনা চোরাচালান হবে এমন গোপন সংবাদ পেয়ে তারই পরিকল্পনা ও দিক নির্দেশনায় বারাদী বিওপি’র টহল কমান্ডার হাবিলদার খন্দকার ওবায়দুর রহমানসহ একদল বিজিবি সদস্য সীমান্ত খুঁটি ৮০ হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে নাস্তিপুর আমবাগানের মধ্যে অবস্থান নেন। বিজিবি টহলদল সন্দেহভাজন এক ব্যক্তিকে ওই এলাকা দিয়ে অতিক্রম করতে দেখে তাকে চ্যালেঞ্জ করলে তিনি তার কাছে থাকা একটি প্যাকেট ফেলে পালিয়ে যান। পরে বিজিবি টহলদল প্যাকেটি উদ্ধার করে তা জনসম্মুখে খুললে ওই প্যাকেটের মধ্যে খাকি রঙের স্কচটেপ দিয়ে মোড়ানো অবস্থায় ২টি পোটলায় আনুমানিক ১ কেজি ১৬৪ গ্রাম (৯৯.৭৯ ভরি) ওজনের ১০টি অবৈধ সোনার বার পাওয়া যায়।
এ ব্যাপারে হাবিলদার খন্দকার ওবায়দুর রহমান বাদী হয়ে দর্শনা থানায় মামলা করে জব্দ করা সোনার বারগুলো পরীক্ষা-নিরীক্ষা শেষে চুয়াডাঙ্গা ট্রেজারিতে জমা করা হবে বলে তিনি জানান।