আম বয়ানের মাধ্যমে যশোরে ইজতিমা শুরু

0

স্টাফ রিপোর্টার ॥ তাবলীগ জামায়াতের দিল্লী নিজাম উদ্দীন মার্কাস মসজিদের আমির মাওলানা সাদ অনুসারীদের আয়োজনে শুক্রবার থেকে যশোর মারকাজ মসজিদ মাঠে শুরু হয়েছে তিনব্যাপী জেলা ইজতিমা। বৃহস্পতিবার সন্ধ্যা থেকেই হাজার হাজার ধর্মপ্রাণ মুসল্লির কণ্ঠের আল্লাহু আকবর ধ্বনিতে মুখরিত হচ্ছে যশোরের ইজতিমা ময়দান।
শুক্রবার ফজরের নামাজের পর কাকরাইলের মুরব্বী মাওলানা সাইফুল্লাহ বিন নুরীর আম বয়ানের মধ্য দিয়ে ইজতিমা শুরু হয়। তাবলীগের সাথীদের সাথে বড় জামাতে জুমার নামাজ আদায় করতে স্থানীয়রাও সামিল হন।
আয়োজক কমিটির প্রধান এস এম ইয়ামিনুর রহমান জানান, ইজতিমা মাঠে জুমার অনেক বড় জামাত হয়েছে। নামাজে ইমামতি করেন যশোর মার্কাস মসজিদের খতিব মাওলানা শফি সাহেব। নামাজ শেষে বিশেষ বয়ান করেন তিনি।

আসর এবং মাগরিব বাদ হেদায়েতের বিশেষ বয়ান করা হয়। যশোরের আটটি উপজেলাসহ আশপাশের ৫০ থেকে ৬০ হাজার ধর্মপ্রাণ মুসল্লি অংশ নিয়েছেন। রোববার সকাল ১০টায় আখেরি মুনাজাতের মধ্য দিয়ে যশোর জেলা ইজতিমা শেষ হবে। এখান থেকে ৬০টি চিল্লার জামায়াত বের হবে।