যশোরে বর্ণাঢ্য আয়োজনে সশস্ত্র বাহিনী দিবস পালন

0

স্টাফ রিপোর্টার ॥ যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ -উদ্দীপনার মধ্যে দিয়ে যশোর সেনানিবাসে পালিত হয়েছে সশস্ত্র বাহিনী দিবস।
দিবসটি উপলক্ষে  বৃহস্পতিবার বিকেলে সেনানিবাসের ওসমানী স্টেডিয়ামে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কেক কাটেন ৫৫ পদাতিক ডিভিশন ও যশোর এরিয়া কমান্ডার মেজর জেনারেল জে এম ইমদাদুল ইসলাম।
স্বাগত বক্তব্যে তিনি মুক্তিযুদ্ধে যশোর অঞ্চলের মানুষের অসীম সাহসিকতা, সহযোগিতা এবং বীরত্বপূর্ণ অবদানের ভূয়সী প্রশংসা করেন। পাশাপাশি যশোর অঞ্চলের বীর মুক্তিযোদ্ধাসহ সকল বীর শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানান।
তিনি বলেন, পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি সশস্ত্র বাহিনী দেশের প্রতিটি ক্লান্তিলগ্নে মানুষের পাশে দাঁড়িয়েছে। একইসাথে যে কোন দুর্যোগ মোকাবেলা, পার্বত্য চট্টগ্রামে সন্ত্রাস দমন, বেসামরিক প্রশাসনকে সহায়তা ও দেশ গঠনেও কাজ করছে। সেইসাথে সশস্ত্র বাহিনীর সদস্যদের জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করার মাধ্যমে আন্তর্জাতিক পরিমন্ডলে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করছে। আগামীতেও দেশের কল্যাণে সেনাসদস্যরা ভূমিকা রাখবেন বলে জানান তিনি।
অনুষ্ঠান শেষে নির্বাচিত খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তার উত্তরাধিকারীদের সংবর্ধনা ও শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়।
অনুষ্ঠান শেষে বর্ণাঢ্য ডিসপ্লে উপস্থাপন করে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এ সময় মহান মুক্তিযুদ্ধ, জুলাই বিপ্লব, সেনাবাহিনী, বিমান বাহিনীর গৌরবোজ্জল ইতিহাস ডিসপ্লের মাধ্যমে তুলে ধরে শিক্ষার্থীরা।
অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা, শহীদ পরিবারের সদস্য, সামরিক ও বেসামরিক কর্মকর্তা, সশস্ত্র বাহিনীর প্রাক্তন সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যম ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।