যশোর জেলা আ.লীগের নেতা আতিক বাবু আটক

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য সম্পাদক আতিকুর রহমান বাবু ওরফে আতিক বাবুকে আটক করেছে ডিবি পুলিশ। গতকাল রাত ৯টার দিকে যশোর শহরের দড়াটানা এলাকা থেকে তাকে আটক করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, ডিবি পুলিশের একটি টিম দড়াটানা থেকে আতিক বাবুকে আটক করে। আটকের পর তাকে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে। আতিক বাবু শহরের পুরাতন কসবার মৃত আবু তালেব মোড়লের ছেলে। তিনি জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য সম্পাদক এবং সাবেক সংসদ সদস্য কাজী নাবিল আহমেদের অনুসারী।
যোগাযোগ করা হলে ডিবি পুলিশের ওসি মো. শহিদুল ইসলাম হাওলাদার আওয়ামী লীগ নেতা আতিক বাবুকে আটকের খবর নিশ্চিত করেন। তিনি জানান, কর্তৃপক্ষের নির্দেশে তাকে আটক করা হয়েছে।
উল্লেখ্য, গত সোমবার আতিক বাবু এবং পুলিশ কর্মকর্তাসহ ১২ জনের বিরুদ্ধে ৬ বছর আগে মণিহার এলাকার ফল ব্যবসায়ী মনির হোসেনকে তুলে নিয়ে গিয়ে পাঁচ লাখ টাকা চাঁদা আদায়ের অভিযোগে আদালতে মামলা হয়েছে। ভুক্তভোগী মনির হোসেন মামলাটি করেছেন।