লিবিয়ায় আটকে রেখে মুক্তিপণ আদায় মামলায় আটক ১

0

স্টাফ রিপোর্টার ।। মোমিন মোল্লা (২০) নামে এক যুবককে লিবিয়ায় পাচার এবং মুক্তিপণ আদায়ের অভিযোগে রোকনুজ্জামান নয়ন নামে মানবপাচার চক্রের এক সদস্য আটক হয়েছেন। বুধবার সন্ধ্যায় যশোর সদর উপজেলার জয়ন্তা গ্রাম থেকে স্থানীয় লোকজন তাকে আটক করে পুলিশে দিয়েছেন। রোকনুজ্জামান নয়ন মনিরামপুর উপজেলার খরেরগাতি গ্রামের মৃৃৃৃত নুরুল ইসলামের ছেলে।

পুলিশ জানায়, ওই ঘটনায় মোমিন মোল্লার চাচা অভয়নগর উপজেলার চাঁপাতলা গ্রামের বাসিন্দা তাজউদ্দিন কিবরিয়া আটক রোকনুজ্জামান নয়নসহ দুই জনকে আসামি করে মানবপাচার প্রতিরোধ ও দমন আইনে কোতয়ালি থানায় মামলা করেছেন। অপর আসামি হলেন, জয়ন্তা গ্রামের আব্দুর রহমানের ছেলে মাসুদ হোসেন। বর্তমানে এই আসামি লিবিয়ায় রয়েছেন।

তাজউদ্দিন কিবরিয়ার অভিযোগ, আটক আসামি রোকনুজ্জামান নয়ন দীর্ঘদিন ধরে লিবিয়ায় ছিলেন। দেড় বছর আগে তিনি দেশে ফিরে আসেন। দেশে ফিরে আসার পর রোকনুজ্জামান নয়নের সাথে তার ভাইপো মোমিনের পরিচয় হয়। এ সময় রোকনুজ্জামান তাকে ৩ লাখ ৭০ হাজার টাকায় লিবিয়ায় পাঠাতে পারবেন বলে জানালে মোমিন এতে রাজি হন।

গত ৩০ আগস্ট বিকেলে রোকনুজ্জামান নয়নসহ অজ্ঞাতনামা আরও ২/৩ জন চাঁপাতলা গ্রামে গিয়ে মোমিনের কাছ থেকে ৩ লাখ ৭০ হাজার টাকা এবং তার পাসপোর্ট নেন। পরে গত ৬ সেপ্টেম্বর রোকনুজ্জামান নয়ন ভিসাসহ পাসপোর্ট ফেরত দিলে মোমিন ঢাকাস্থ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে লিবিয়ায় যান। লিবিয়ায় যাওয়ার পর সেখানকার বিমানবন্দর থেকে মোমিনকে নিয়ে যান আসামি মাসুদ।

এরপর গত ২২ সেপ্টেম্বর মোমিনকে আটকে রেখে তার কাছে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন মাসুদ। হুমকি দিয়ে বলা হয়, ২৫ সেপ্টেম্বরের মধ্যেই প্রথমে ৫ লাখ টাকা দিতে হবে। নইলে তাকে হত্যা করা হবে বলে হুমকি দেওয়া হয়।

ফলে বিষয়টি পরিবারকে জানান মোমিন। বিষয়টি পরিবারের লোকজন জানতে পেরে উদ্বিগ্ন হয়ে পড়েন। এ কারণে গত বুধবার সন্ধ্যায় ১ লাখ ৪২ হাজার টাকা যোগাড় করে সদর উপজেলার জয়ন্তা গ্রামে শ্বশুরবাড়িতে অবস্থানকারী আসামি রোকনুজ্জামান নয়নকে দেন মোমিনের পরিবারের লোকজন। তখন বিষয়টি আশেপাশের লোকজন জানতে পেরে রোকনুজ্জামান নয়নকে টাকাসহ হাতেনাতে আটক করেন। পরে তাকে পুলিশে দেওয়া হয়।