আরবপুরে খাল ভরাট করে প্লট জলাবদ্ধতায় সাত গ্রামের মানুষ

0

স্টাফ রিপোর্টার ।। যশোর সদর উপজেলার আরবপুর ইউনিয়নে খাল ভরাট করে প্লট তৈরি করায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। ফলে ইউনিয়নের কৃষ্ণবাটি, মেদিয়া, বি-পতেঙ্গালী, পতেঙ্গালী, মালঞ্চী, ধোপাখোলা ও দুর্গাপুর গ্রামের বাসিন্দারা বিপাকে পড়েছেন।

এসব গ্রামের শতকরা ৯০ ভাগ মানুষ কৃষির ওপর নির্ভরশীল। এলাকায় প্রচুর ধান ও সবজি উৎপাদন করেন কৃষকরা। বর্ষাকালে মাঠের জমা পানি কৃষ্ণবাটি ও মেদিয়া গ্রামের খাল দিয়ে মুক্তেশ্বরী নদীতে নেমে যেত। কিন্তু বর্তমানে খালপাড়ের এক শ্রেণির মানুষ সেখানে মাটি ভরাট করে প্লট আকারে বিক্রি করছেন।

ফলে ওইসব গ্রামের আনুমানিক ৩ হাজার একর জমির পানি খাল দিয়ে নদীতে নামতে না পেরে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। বর্তমানে কয়েক দিনের টানা বর্ষণে এলাকার মানুষের ঘরবাড়ি ও ফসলের ক্ষেত পানিতে তলিয়ে গেছে। ওইসব গ্রামের মানুষ বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন।

ক্ষতিগ্রস্ত উল্লিখিত সাত গ্রামের শতাধিক মানুষের স্বাক্ষর সম্বলিত অভিযোগ তারা গত বুধবার সহকারী কমিশনার (ভূমি), উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জেলা প্রশাসকের কাছে দিয়েছেন। গ্রামবাসীর দাবি জলাবদ্ধতা নিরসনে খাল পুনরুদ্ধার ও পানি নিষ্কাশনের ব্যবস্থা করে তাদের বসতভিটা ও ফসল রক্ষা করা হোক।