অভয়নগরে প্রতিবন্ধী শাকিব হত্যাকাণ্ডে পিতা আটক

0

স্টাফ রিপোর্টার, অভয়নগর (যশোর)।। যশোরের অভয়নগর উপজেলার এক্তারপুর গ্রামের শারীরিক ও মানসিক প্রতিবন্ধী যুবক শরিফুল ইসলাম শাকিব (২১) হত্যাকান্ডের সাথে জড়িত পিতা মুজিবর রহমান (৭৫)কে আটক করেছে অভয়নগর থানা ও যশোর ডিবি পুলিশের একটি টিম।

গতকাল বৃহস্পতিবার ভোরে ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানার হাইস্পিড শিপ বিল্ডার্স লিমিটেডের সামনে থেকে তাকে আটক করা হয়। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকান্ডের সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছেন আটক মুজিবর রহমান।

পুলিশ জানায়, ছেলের প্রতি বিরক্ত হয়ে ১৬ সেপ্টেম্বর রাত আড়াইটার দিকে শ্বাসরোধ করে তাকে হত্যা করেন পিতা। এরপর কোনমতে কোলে করে ঘর থেকে বের করে টেনে নিয়ে নির্মাণাধীন ঘরের মধ্যে বালিচাপা দেন।  কেউ যেন টের না পায় সেজন্যে ওই রাতেই তিনি ঢাকায় চলে যান। বিষয়টি নিশ্চিত করেছেন অভয়নগর থানার অফিসার ইনচার্জ এসএম আকিকুল ইসলাম। তিনি বলেন, তথ্যপ্রযুক্তির সহায়তায় আমরা এ হত্যাকান্ডের একমাত্র আসামি মুজিবর রহমানকে আটক করতে সক্ষম হয়েছি।

গত ২০ সেপ্টেম্বর বিকেলে নওয়াপাড়া পৌরসভার ৭ নং ওয়ার্ডের এক্তারপুর পূর্বপাড়া এলাকায় একটি নির্মাণাধীন বাড়ির ঘর থেকে বুদ্ধি ও শারীরিক প্রতিবন্ধী শরিফুল ইসলাম শাকিবের  অর্ধগলিত মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় দুদিন পর নিহতের বোন মৌসুমি বেগম অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে অভয়নগর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।