আজ সকাল-সন্ধ্যা হরতাল

0

স্টাফ রিপোর্টার ॥ বর্তমান সরকারের পদত্যাগ, এক তরফা প্রহসনের নির্বাচনের তফসিল বাতিল ও দেশব্যাপী কারাবন্দি নেতাকর্মীদের মুক্তির দাবিতে আজ মঙ্গলবার বিএনপির ডাকে সকাল-সন্ধ্যা হরতাল পালিত হবে। দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী রোববার সকাল-সন্ধ্যা হরতালের কর্মসূচি ঘোষণা করেন। কিন্তু কুয়েতের আমির শেখ নাওয়াফ আল-আহমদ আল-সাবাহ’র মৃত্যুর কারণে সোমবার রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়। যে কারণে গতকাল সোমবারের হরতাল এক দিন পিছিয়ে পরদিন মঙ্গলবার পালনের ঘোষণা দেন দলের এই জ্যেষ্ঠ নেতা।
এদিকে মঙ্গলবার বিএনপির সকাল-সন্ধ্যা হরতালের সমর্থনে সোমবার বিকেলে যশোর শহরের বিভিন্ন সড়কে জেলা স্বেচ্ছাসেবক দল মিছিল করে। ঝিকরগাছা উপজেলা ও পৌর বিএনপি অঙ্গ-সহযোগী সংগঠন হরতালের সমর্থনে উপজেলা সদরের বিভিন্ন সড়কে মিছিল করে।
যশোর-বেনাপোল সড়কে বেনাপোল পৌর যুবদল ও স্বেচ্ছাসেবক দল হরতালের সমর্থনে মিছিল করে। এছাড়া যশোর-খুলনা মহাসড়কে যশোর সদর উপজেলার নরেন্দ্রপুর ইউনিয়ন বিএনপির অঙ্গ-সহযোগী সংগঠন মিছিল করে।
গত ২৮ অক্টোবর ঢাকায় বিএনপির মহাসমাবেশ পুলিশের তান্ডবে পন্ড হওয়ার পর থেকে ধারাবাহিকভাবে দলটি শান্তিপূর্ণভাবে কখনো অবরোধ, কখনো হরতাল পালন করে আসছে।