নেতা-কর্মীদের সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে বললেন রিজভী

0

লোকসমাজ ডেস্ক॥ সরকার পতনে একদফা দাবিতে বিএনপি ঘোষিত শান্তিপূর্ণ আন্দোলনে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে আরো জোরদার ও তীব্রতর করার মাধ্যমে সরকারের পতন নিশ্চিত করতে নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রোববার বিকালে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান তিনি।
রুহুল কবির রিজভী বলেন, সরকার পতনের কাউন্টডাউনের মধ্যে আরেকটি একতরফা পাতানো ভুয়া নির্বাচনের অপচেষ্টা চলছে। মেরুদ-হীন পাপেট নির্বাচন কমিশন আওয়ামী নির্বাচনী তফসিল বাস্তবায়ন করতে মুখ লুকিয়ে জোরেসোরে মাঠে নেমেছে। আর নিশিরাতের সরকারের অবৈধ মন্ত্রী-এমপি, নেতাকর্মী, আওয়ামী লীগ সমর্থক পুলিশ-র‌্যাাব-গোয়েন্দারা গোটা দেশে ভোটাধিকারের দাবিতে আন্দোলনরতদের ওপর ঝাপিয়ে পড়েছে হায়েনার মতো। ছিন্নভিন্ন করে দিচ্ছে গ্রাম গঞ্জ হাট বাজার জনপদ লোকালয় শহর-বন্দরে থাকা গণতন্ত্রকামীদের। আওয়ামী নিপীড়নে বিএনপির নেতাকর্মীরা যেন মৃত্যু থেকে কয়েক মিনিট দূরে অবস্থান করছেন।

আইনশৃঙ্খলা বাহিনীর উদ্দেশে তিনি বলেন, বিরোধী দল দলন-দমন-নিঃশেষ করার ভয়ংকর জুলুম, নিপীড়ন, গ্রেপ্তার তা-ব সমস্তসীমা লঙ্ঘন করেছে। কিন্তু তাদের জানা উচিত এই সরকারই শেষ সরকার নয়। কিছুদিন পরেই হবে জনগণের সরকার। তখন এই আজ্ঞাবাহী দলদাস পোশাকী সন্ত্রাসীদের পরিণতি কি হবে জনগণ সিদ্ধান্ত নিবে।
রিজভী বলেন, প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা হঠাৎ বিদেশ থেকে এসে গতকাল সাভারে জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটে এক অনুষ্ঠানে তার দাম্ভিকতাপূর্ণ কণ্ঠ শুনে দেশের মানুষ স্তম্ভিত-হতবাক হয়েছে। একই সঙ্গে জনগণ অট্টহাসিও দিয়েছেন।
তিনি বলেছেন, “আগামী ১০-১৫ বছরে বিএনপি বলে কোন দল বাংলাদেশে আর থাকবে না।” তার মানে এই সময়ে তারা বিএনপিকে ধ্বংস ও নিঃশেষ করে দিবেন! দেশে শুধুমাত্র একটাই রাজনৈতিক দল থাকবে। যেখানে ভিন্ন মতাদর্শের কেউ থাকতে পারবে না। কেউ স্বৈরাচারী সরকারের সমালোচনা করতে পারবে না। বাকশাল-২ স্থাপিত হবে। সংবাদ সম্মেলনে গত ২৪ ঘণ্টায় সারাদেশে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী
সংগঠনের নেতাকর্মীদের গ্রেফতার, মামলা, আহত এবং মৃত্যুর সংখ্যা তুলে ধরেন তিনি। রিজভী জানান, এসময়ে ৫১০ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে, আহত হয়েছে ১০০ জন, মারা গেছেন ১ জন এবং মামলা দায়ের করা হয়েছে ১৮টি। এসব মামলায় আসামি করা হয়েছে ২০৮৫ জন নেতাকর্মীকে।