পবিত্র ঈদুল আজহা আজ

0

 



মহিউদ্দীন মোহাম্মদ ।। পবিত্র ঈদুল আজহা আজ। তাইতে কবি নজরুলের কণ্ঠে কণ্ঠ মিলাই-‘ওরে হত্যা নয় আজ ‘সত্যাগ্রহ’ শক্তির উদবোধন !/দুর্বল! ভীরু ! চুপ রহো, ওহো খামখা ক্ষুব্ধ মন !/ধ্বনি উঠে রণি’ দূর বাণীর, -/আজিকার এ খুন কোরবানীর !/দুম্বা-শির রুম্-বাসীর/শহীদের শির সেরা আজি !- রহমান কি রুদ্র নন ?/ব্যাস ! চুপ খামোশ রোদন !/আজ শোর ওঠে জোর “খুন দে, জান দে , শির দে বৎস” শোন !/ওরে হত্যা নয় আজ ‘সত্যাগ্রহ’ শক্তির উদবোধন !’
ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসব আমেজের মধ্যদিয়ে আজ দেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হচ্ছে।  হজরত ইব্রাহিম (আ.)-এর আত্মত্যাগ ও অনুপম আদর্শের প্রতীকী নিদর্শন হিসেবে প্রায় সাড়ে ৪ হাজার বছর আগে কোরবানির প্রচলন শুরু। মহান আল্লাহ রাব্বুল আলামীনের নির্দেশে হজরত ইব্রাহিম (আ.) তার প্রাণপ্রিয় পুত্র হজরত ইসমাইল (আ.) কে কোরবানি করতে উদ্যত হয়েছিলেন। ওই অনন্য ঘটনার স্মরণেই এ কোরবানির প্রচলন। বছর ঘুরে আবার এলো সেই পবিত্র উৎসব ঈদুল আজহা। বাংলাদেশ, ভারত, পাকিস্তানসহ এ উপমহাদেশে উদযাপিত হবে মুসলমানদের দ্বিতীয় বৃহৎ এই উৎসব। তবে চান্দ্রমাসের হিসেবের তারতম্যের কারণে আজ সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ঈদুল আজহা উদযাপিত হবে।
মুসলিম বিশ্বের অন্যতম প্রধান ধর্মীয় ও সামাজিক উৎসব ঈদকে ঘিরে আনন্দ-উদ্দীপনার আমেজ অবশ্য খানিকটা কম। দ্রব্যমূল্যের উর্দ্ধগতি ও সার্বিক অবস্থায় অনেকের মন ভালো নেই, তার মধ্যেও উৎসবের জন্য মুখিয়ে থাকা জাতি আনন্দধারা অবগাহন করবে। বলা হচ্ছে, এবার করোনা ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্বমন্দা পরিস্থিতি ও দেশে নিত্যপণ্যে ব্যাপক মূল্য বৃদ্ধিতে ভিন্ন পরিবেশে কোরবানির ঈদ হওয়ায় অন্যান্যবারের চেয়ে পশু কোরবানি কিছুটা কম হওয়ার সম্ভাবনা রয়েছে।
মহান আল্লাহর অপার অনুগ্রহ লাভের আশায় ঈদের জামাত শেষে ধর্মপ্রাণ মুসলমানরা সামর্থ অনুয়ায়ী পশু কোরবানি করছেন। নামাজ শেষে মুসল্লিদের অনেকেই গেছেন কবরস্থানে। চিরবিদায় নেয়া তাদের স্বজনদের কবরের পাশে দাঁড়িয়ে সাশ্রুনয়নে এই আনন্দের দিনে তাদের রুহের মাগফিরাত কামনা করে আল্লাহর দরবারে আকুতি জানান।