নড়াইলে নদীতে নিখোঁজ কিশোরীর মরদেহ উদ্ধার

0

নড়াইল সংবাদদাতা ॥ নড়াইলে চিত্রা নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ কিশোরীর মরদেহ একদিন পর উদ্ধার হয়েছে। কিশোরী আরিফা খাতুনের (১১) মরদেহ শনিবার (৩ জুন) সকাল ১০টার দিকে ভাসমান অবস্থায় উদ্ধার করেছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। আরিফা নড়াইল পৌরসভা এলাকার হাটবাড়িয়া গ্রামের জয়নাল মোড়লের মেয়ে। সে স্থানীয় মাছিমদিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণিতে পড়তো।
পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়,গত শুক্রবার (২ জুন) দুপুরে হাটবাড়িয়া গ্রামের আরিফা ও লামিয়া চিত্রা নদীতে গোসল করতে এস এম সুলতান সেতুর নিচে নামে। এ সময় লামিয়া নদী থেকে উপরে উঠে আসলেও আরিফা উঠে আসেনি। নড়াইল জেলা ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মাহাবুব আলম বলেন,খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত উদ্ধার অভিযান চালায়। শনিবার সকাল সাড়ে ১০টার দিকে আরিফার লাশ বাঁধাঘাট এলাকায় চিত্রা নদীতে ভাসমান অবস্থায় উদ্ধার করা হয় বলে তিনি জানান।