সাতক্ষীরায় নিখোঁজের ৪ দিন পর বীর মুক্তিযোদ্ধার লাশ মিললো লিফটের নিচে

0

লোকসমাজ ডেস্ক॥ সাতক্ষীরায় নিখোঁজের চার দিন পর বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আলী মণ্ডলের (৮৫) অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (৯ অক্টোবর) দুপুর ১টার দিকে সাতক্ষীরা মেডিক্যাল কলেজের (সামেক) হাসপাতালের লিফটের নিচ থেকে তার লাশ উদ্ধার করা হয়। তিনি সাতক্ষীরা সদর উপজেলার ভোমরা ইউনিয়নের বৈচনা গ্রামের বাসিন্দা ছিলেন।
নিহতের ছেলে আব্দুল্লাহ জানান, গত ৪ অক্টোবর তার বাবা ওষুধ নেওয়ার জন্য হাসপাতাল গিয়ে আর বাড়ি ফেরেননি। এ ঘটনায় তিনি সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।
সাতক্ষীরা সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) মীর আসাদুজ্জামান বলেন, ‘রবিবার সকালে হাসপাতালের একজন স্টাফ আমাকে ফোন দিয়ে জানান, লিফটের নিচ থেকে দুর্গন্ধ বেরোচ্ছে। এখানে লাশ বা অন্য কিছু থাকতে পারে। সঙ্গে সঙ্গে পুলিশ পাঠিয়ে লাশটি উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।’
এদিকে, জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হতে পারে বলে নিহতের পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে।
হাসপাতালের পরিচালক ডা. কুদরত ই খুদা বলেন, ‘চারটি লিফটের মধ্যে তিনটি নষ্ট। সকালে হাসপাতালের রবিবার স্টাফ আরিফ জানান, নষ্ট একটি লিফটের নিচ থেকে দুর্গন্ধ বের হচ্ছিল। পরে পুলিশকে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে।’