শ্যামনগরে জোড়া খুন

0

লোকসমাজ ডেস্ক॥ সাতক্ষীরার শ্যামনগরে তুচ্ছ ঘটনায় বাদানুবাদের জেরে দুই দল গ্রামবাসীর সংঘর্ষে দুই জন নিহত ও অন্তত ২৩ জন আহত হয়েছেন।
উপজেলার রমজাননগর ইউনিয়নের টেংরাখালী গ্রামে শুক্রবার বিকাল থেকে রাত পর্যন্ত এই সংঘর্ষের ঘটনা ঘটেছে জানান শ্যামনগর থানার ওসি কাজী ওয়াহিদ মুর্শেদ ।
নিহতরা হলেন টেংরাখালী গ্রামের আবুল গাজীর ছেলে আমির হোসেন (৩২) এবং একই গ্রামের ছাকাত শেখের ছেলে কাদের শেখ (৪৫)।
স্থানীয়দের বরাতে তিনি জানান, রাস্তা দিয়ে যাওয়ার সময় তুচ্ছ ঘটনা নিয়ে বাদানুবাদের জেরে সংঘর্ষে জড়ায় দু দল গ্রামবাসী। পরে খবর পেয়ে রায়নগর নৌ-পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
তিনি আরও জানান, সংঘর্ষে আহতদের মধ্যে আমির হোসেনকে শ্যামনগর হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালে মারা যান কাদের শেখ।
এছাড়া আহত আব্দুস সোবহান (৫০) নামের আরেকজনকে সংকটাপন্ন অবস্থায় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আহত অন্যদের মধ্যে রয়েছেন আব্দুল হান্নান (৪০), ইব্রাহিম গাজী (৩০), আক্তার হোসেন (৩১), ইসমাইল হোসেন (৩৪), ইমাম আলী (২৭), নাছির উদ্দীন (২৮), সোবহান মোল্যা (৩৮), আব্দুস সাদেক (৪১), আলাউদ্দীন (২৭), মেহেদী হাসান বাবু (২৩), আব্দুল আজিজ (৫০), সিরাজ হোসেন (৪০), হাফিজুর রহমান (৪০), মুকুল মোল্যা (৩৮), ফারুক গাজীসহ (২৭)। তাদের শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতালে ভর্তি করা হয়েছে।