যশোরে ফেনসিডিল সংক্রান্ত মামলায় ৩ জনের কারাদণ্ড

0

 

স্টাফ রিপোর্টার ॥ যশোরে ফেনসিডিল সংক্রান্ত একটি মামলার ৩ আসামির প্রত্যেককে ১০ বছর করে সশ্রম কারাদণ্ড প্রদান করেছেন আদালত। একই সাথে প্রত্যেককে ১০ হাজার টাকা করে অর্থদণ্ড অনাদায়ে আরও ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. ইখতিয়ারুল ইসলাম মল্লিক এই রায় প্রদান করেন। বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন পাবলিক প্রসিকিউটর অ্যাড. এম ইদ্রিস আলী।
সাজাপ্রাপ্ত আসামিরা হলেন-শার্শা উপজেলার শ্যামলগাছি গ্রামের শামসুর রহমানের ছেলে মোহাম্মদ রুবেল, যাদবপুর ঘোষপাড়া গ্রামের মনিরের ছেলে মহাসীন আলী ও উত্তর বুরুজবাগান গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে আলী হোসেন ওরফে শিমুল।
মামলার বিবরণে জানা গেছে, ২০২০ সালের ২১ আগস্ট রাতে র‌্যাব সদস্যরা গোপন সূত্রে খবর পান বেনাপোল থেকে ফেনসিডিল নিয়ে তিন ব্যক্তি যশোরের দিকে আসছেন। এ খবর পেয়ে র‌্যাব যশোরের চাঁচড়া চেকপোস্ট এলাকায় অবস্থান নেয়। এরপর রাত সোয়া ১০ টার দিকে র‌্যাব সদস্যরা একটি প্রাইভেটকার (ঢাকা মেট্রো গ-১৩-৩২৫৪) আসতে দেখে থামার জন্য সংকেত দেন। কিন্তু চালক প্রাইভেটকারটি নিয়ে দ্রুত পালানোর চেষ্টা করেন। এক পর্যায়ে র‌্যাব সদস্যরা ধাওয়া করে প্রাইভেটকারটি আটক করতে সক্ষম হন। এ সময় গাড়ি থেকে উল্লিখিত ৩ জনকে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে প্রাইভেটকার থেকে ৪শ’ বোতল ফেনসিডিল জব্দ করা হয়। এ ঘটনায় র‌্যাব-৬ যশোরের পুলিশ ইনসপেক্টর অহিদুল ইসলাম কোতোয়ালি থানায় মামলা করেন। এই মামলায় আসামিদের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক তাদেরকে উল্লিখিত সাজা প্রদান করেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। আদালত তাদেরকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।