মোরেলগঞ্জে ধর্ষণ ও ডাকাতির ঘটনায় আরও একজন আটক

0

বাগেরহাট সংবাদদাতা ॥ বাগেরহাটের মোরেলগঞ্জে গভীর রাতে সিঁদ কেটে ঘরে ঢুকে স্বামী-সন্তানকে বেঁধে রেখে গৃহবধূকে ধর্ষণ ও ডাকাতির ঘটনায় এনামুল হাওলাদার (৩৫) নামের আরও একজনকে আটক করেছে পুলিশ। শুক্রবার বিকেলে মোরেলগঞ্জ উপজেলার উত্তর জিলবুনিয়া এলাকার একটি সুপারি বাগান থেকে তাকে আটক করা হয়। আটক এনামুল উত্তর জিলবুনিয়া গ্রামের মৃত মুনছুর আলী হাওলাদারের ছেলে। এর আগে গত বৃহস্পতিবার বিকেলে কচুয়া উপজেলার বাগমারা খেয়াঘাট এলাকা থেকে প্রধান আসামি রিয়াজ শিকদারকে আটক করে র‌্যাব। এ নিয়ে আটক করা হলো দু’জনকে। মোরেলগঞ্জ থানা পুলিশের ওসি ইকবাল বাহার চৌধুরী বলেন, স্বামী-সন্তানকে বেঁধে রেখে গৃহবধূকে ধর্ষণ ও ডাকাতি মামলায় এনামুল হাওলাদার নামের একজনকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে এলাকায় চুরি, ডাকাতি, ছিনতাইসহ নানা অপরাধের অভিযোগ রয়েছে। উল্লেখ্য, গত ১ মার্চ গভীর রাতে মোরেলগঞ্জ উপজেলার জিলবুনিয়া গ্রামের এক বাড়িতে সিঁদ কেটে ঘরে প্রবেশ করে দুর্বৃত্তরা। তারা স্বামী-সন্তানকে বেঁধে রেখে গৃহবধূকে ধর্ষণ ও মালামাল লুট করে নিয়ে যায়। এ ঘটনায় নির্যাতিত নারীর স্বামী বাদী হয়ে রিয়াজ শিকদারের নাম উল্লেখসহ অজ্ঞাত ৭-৮ জনকে আসামি করে মোরেলগঞ্জ থানায় একটি মামলা করেন। একই দিন বিকেলে বাগেরহাট সদর হাসপাতালে ওই গৃহবধূর ডাক্তারি পরীক্ষা করা হয়।