১৭ মার্চে হলে উঠবেন জবি ছাত্রীরা

0

লোকসমাজ ডেস্ক॥ দীর্ঘ প্রতীক্ষার পর আগামী ১৭ মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকীতে বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলে ছাত্রী উঠাতে যাচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি)। এর আগেই ছাত্রীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। এক সাক্ষাৎকারে এসব তথ্য জানান হল প্রভোস্ট অধ্যাপক ড. শামীমা বেগম। তিনি বলেন, আমরা আগামী ১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে ছাত্রীদের হলে তুলবো। এই দিনে কাজটি না করতে পারলে আমাদের এত দিনের পরিশ্রম বৃথা। তার আগে আমরা অনতিবিলম্বে ছাত্রীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করে দেবো। প্রত্যেক ছাত্রীর জন্য সিট নম্বরসহ নির্দিষ্ট সিট বরাদ্দ থাকবে। তিনি আরও বলেন, আমরা প্রাথমিকভাবে প্রতি রুমে চার সিটে একজন করে মোট চারজন তুলতে চেয়েছিলাম। কিন্তু দেখা যায়, এতে একটা বিশাল অংশ বাদ পড়ে যাচ্ছে। এখন আমরা চিন্তা করতেছি প্রতি সিটে দুইজন করে একরুমে মোট ৮ জন ছাত্রী তোলার, যদিও সেটা এখনো ফাইনাল করা হয়নি। যদি হয়, তবে আমরা ১৫৬টি কক্ষে আটজন করে মোট ১২৪৮ জন ছাত্রী উঠাতে পারবো, যা পূর্বের সংখ্যার দ্বিগুণ এবং এতে ছাত্রীদের কোনোরকম অসুবিধা হবে না।
উল্লেখ্য, ১৬ তলাবিশিষ্ট হলটির ১৫৬টি কক্ষে চারজন করে হলে মোট ৬২৪ জন ছাত্রী থাকতে পারবেন এবং ৮ জন করে হলে মোট ১২৪৮ জন ছাত্রী থাকতে পারবেন।