0

লোকসমাজ ডেস্ক॥ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সোমবার সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ৩৮ জনের মৃত্যু হয়েছে। আর এ সময়ে ভাইরাসটি শনাক্ত হয়েছে ৯ হাজার ৩৬৯ জনের শরীরে। এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে দেশে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৮ হাজার ৬২৭ জনে। আর এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা ১৮ লাখ ৭০ হাজার ৯০১ জন। করোনাভাইরাস নিয়ে গতকাল সোমবার স্বাস্থ্য অধিদফতরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ৪৪ হাজার ৪৭১টি। শনাক্তের হার ২১.০৭ শতাংশ। আরো উল্লেখ করা হয়, এদিন সুস্থ হয়েছেন আরো ৯ হাজার ৫০৭ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৬ লাখ ১২ হাজার ৫৭ জন। ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ২৮ জন পুরুষ ও ১০ জন নারী। ঢাকা বিভাগে মারা গেছেন সর্বোচ্চ ১৬ জন। এছাড়া চট্টগ্রামে ৬, রাজশাহীতে ৫, খুলনায় ৫, সিলেটে ৩, রংপুরে ১ ও ময়মনসিংহে ২ জন মারা গেছেন। এর আগে রোববার ২৯ জনের মৃত্যু হয়েছে। আর এ সময়ে ভাইরাসটি শনাক্ত হয়েছে ৮ হাজার ৩৪৫ জনের শরীরে। গত বছরের ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাস শনাক্তের কথা জানায় সরকার। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত প্রথম একজনের মৃত্যু হয়।